রাজধানীর কয়েকটি স্থানে বিএনপির হামলা
সেনানিবাসের বাড়ি থেকে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়াকে সরানোর প্রতিবাদে সারা দেশে হরতাল পালন করছে বিএনপি। আজ রোববার সকাল থেকে রাজধানীতে যানবাহন চলাচল অনেকটাই সীমিত। অনেকেই পায়ে হেঁটে কর্মস্থলে গেছে। বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাজধানীর বেশির দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান ও স্কুল বন্ধ রয়েছে।হরতালের কারণে সারা দেশে আজকের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা দুটি স্থগিত করা হয়েছে। এদিকে রাজধানীর মিরপুর, শান্তিনগর ও ফকিরাপুল মোড়ে গাড়িতে হামলা চালিয়েছে পিকেটাররা।মিরপুর: সকালে মিরপুরে নূরানী মসজিদের কাছে একদল পিকেটার একটি যাত্রীবাহী বাসে হামলা চালায়। মিরপুর ১১ নম্বর থেকে ২ নম্বর বাসস্ট্যান্ডের দিকে যাওয়ার পথে পিকেটাররা বাসটি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। শান্তিনগর ও ফকিরাপুল: শান্তিনগর ও ফকিরাপুল মোড়ের কাছে পিকেটাররা একটি ট্যাক্সিক্যাব ও একটি যাত্রীবাহী বাসে ইটপাটকেল ছুড়ে ও ভাঙচুর চালায়। এদিকে ধানমন্ডিতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে ছয় পিকেটারকে আটক করেছে পুলিশ।মহাখালী: মহাখালীতে সকালে পিকেটারদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া তিতুমীর কলেজের সামনে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের কয়েক দফা সংঘর্ষ হয়।নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সকালে সাংবাদিকদের বলেন, শান্তিপূর্ণভাবেই বিএনপি হরতাল করছে, অথচ সরকার আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে শান্তিপূর্ণ হরতালে হস্তক্ষেপ করছে। পুলিশ দিয়ে এ শান্তিপূর্ণ হরতাল দমিয়ে রাখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।