রাজধানীর চারদিকে চারটি উপশহর প্রতিষ্ঠা করা হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার রাজধানী ঢাকার চারদিকে চারটি উপশহর প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে। এই লক্ষ্যে ভূমি দখলদারদের হাত থেকে রাজধানীকে রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। খবর বাসসের।আজ রোববার সকালে ওসমানী মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বিইএন) আয়োজিত আন্তর্জাতিক বাংলাদেশ পরিবেশ সম্মেলন-২০১০-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।প্রধানমন্ত্রী ক্যাপিটাল এবং রক্ষণাবেক্ষণ ড্রেজিংয়ের মাধ্যমে বুড়িগঙ্গা, বালু, তুরাগ ও শীতলক্ষ্যা নদীর নাব্যতা ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে বলেন, এসব নদী অবৈধ দখলের কারণে হুমকির সম্মুখীন।প্রধানমন্ত্রী বলেন, সরকার রাজধানীর কমিউটার সার্ভিস বৃদ্ধি করার পরিকল্পনা নিয়েছে। এতে ঢাকার আশপাশের অফিস সেরে মানুষ বাড়ি ফিরে যেতে পারবে। এ ছাড়া সরকার ট্রেন এবং জলপথের উন্নয়নেরও পরিকল্পনা নিয়েছে। তিনি নদী ও খালগুলোকে দেশের অমূল্য সম্পদ হিসেবে উল্লেখ করে বলেন, সরকার দেশের বড় নদ-নদী ড্রেজিং করে নাব্যতা ফিরিয়ে আনতে এবং পরিবেশ রক্ষায় বদ্ধপরিকর।তিনি উপকূলীয় অঞ্চলে উঁচু বাঁধ নির্মাণ করে জোয়ারের পানিপ্রবেশ বন্ধ করার সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, সবুজ বেষ্টনীর মাধ্যমে জোয়ারের পানি ঠেকানোর কার্যক্রমও হাতে নেওয়া হয়েছে। এ জন্য সরকার প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে উপকূলীয় বনায়ন কমিউনিটি-ভিত্তিক কার্যক্রম গ্রহণ করেছে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক দিক বিবেচনা করে সরকার নিজস্ব তহবিল থেকে ‘জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড’ গঠন করেছে।শিল্প বর্জ্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি শিল্প ও কারখানাকে পরিবেশ রক্ষার জন্য বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট তৈরি বাধ্যতামূলক করা হয়েছে। তিনি ঐক্যবদ্ধভাবে পরিবেশ রক্ষার আহ্বান জানিয়ে বলেন, সরকারের পাশাপাশি পরিবেশবাদী সংগঠনগুলোকেও কার্যকর পরিকল্পনা নিয়ে এগিয়ে আসতে হবে।শেখ হাসিনা পরিবেশ রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর একার পক্ষে পরিবেশ রক্ষা করা সম্ভব নয়। তিনি বলেন, পরিবেশবাদী সংগঠনগুলো এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।বাপার চেয়ারম্যান অধ্যাপক মোজাফ্ফর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য দেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বাপার সহসভাপতি নজরুল ইসলাম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম ও বিইএনের মহাসচিব এম এ মতিন। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্যরা, প্রধানমন্ত্রীর উপদেষ্টারা, পরিবেশবিদ, শিক্ষাবিদ ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।