রাজধানীর চারপাশে বৃত্তাকার নৌপথে বড় বাধা ১৪ সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীকে ঘিরে বৃত্তাকার নৌপথ প্রকল্প পাঁচ বছরেও পুরোপুরি সচল করতে পারেনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। ২০০৫ সালে সদরঘাট থেকে আশুলিয়া পর্যন্ত পথে যাত্রীবাহী নৌযান চালু করা হলেও কয়েক মাসের মধ্যে তা বন্ধ হয়ে যায়। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার আশুলিয়া থেকে কাঁচপুর সেতু পর্যন্ত প্রকল্প এলাকা বাড়িয়ে ঢাকাকে ঘিরে বৃত্তাকার নৌপথ করার উদ্যোগ নেয়; কিন্তু দ্বিতীয় পর্বের কাজই শুরু হয়নি। যদিও এ অংশে নৌপথটি চালু করার ক্ষেত্রে বড় বাধা হয়ে দেখা দিয়েছে ১৪টি সেতু। খননযন্ত্রের অভাবও কাজ শুরু করার ক্ষেত্রে বাধা বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছে, বৃত্তাকার নৌপথে দ্বিতল ‘ওয়াটার বাস’ চালাতে হলে ইতিমধ্যে নির্মিত ১৪টি সেতু ভেঙে ফেলতে হবে। এসব সেতুর উচ্চতা কম এবং দুই পিলারের মাঝখানে ওয়াটার বাস চলাচলের মতো পর্যাপ্ত জায়গা রাখা হয়নি।বিআইডব্লিউটিএ নৌপথ চালু করলে সেখানে ওয়াটার বাস চালু করবে আরেকটি সরকারি সংস্থা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। কিন্তু সংস্থার দায়িত্বশীল একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ওয়াটার বাসের নকশা কী হবে, তা-ই এখনো ঠিক হয়নি। ওয়াটার বাস তৈরির আগে এই পথে ৫০ বা ৫৫ আসনের কয়টি ওয়াটার বাস চলবে, পথটি লাভজনক হবে কি না, নৌযান দ্বিতল হবে নাকি একতলা হবে—এসব খতিয়ে দেখার জন্য সমীক্ষা চালাবে সংস্থাটি।আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে ঢাকার যানজট নিরসনে চারপাশে বৃত্তাকার নৌপথ চালুর প্রতিশ্রুতি দিয়েছিল।সমস্যা ১৪ সেতু: বিআইডব্লিউটিএ থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, কম উচ্চতার এই ১৪টি সেতু তৈরি করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ), বাংলাদেশ রেলওয়ে ও স্থানীয় সরকার বিভাগ। নদী বিষয়ে গঠিত সরকারের টাস্কফোর্স থেকে নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আলাউদ্দিন আহমেদকে প্রধান করে ওয়াটার বাস চালুর বিষয়ে যেসব বাধা রয়েছে, সেগুলো চিহ্নিত এবং তা অপসারণের লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। ২ জানুয়ারি কমিটির সদস্যরা প্রকল্প এলাকা ঘুরে দেখেছেন।বিআইডব্লিউটিএ সূত্র জানায়, গভীরতা ও প্রশস্ততার বিচারে বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা নদীকে তৃতীয় শ্রেণীর নৌপথ হিসেবে বিবেচনা করা হয়। নিয়মানুযায়ী, এই নৌপথে সেতু নির্মাণের সময় উচ্চতা (ভার্টিক্যাল) ২৫ ফুট ও দুই পিলারের মাঝখানে (হরাইজেন্টাল) ১০০ ফুট দূরত্ব রাখার কথা। উল্লিখিত ১৪টি সেতু নির্মাণে এ নিয়ম মানা হয়নি। সমস্যাযুক্ত সেতুগুলো হলো: তুরাগ নদীর ওপর নির্মিত মিরপুর সেতু, মিরপুর বেইলি সেতু, বিরুলিয়া সেতু, ধউর সেতু-১, ধউর-২, নইনিচালা সেতু (প্রত্যাশা প্রকল্প এলাকা) ও কামারপাড়া সেতু।টঙ্গী এলাকার সেতুগুলো হলো: ঢাকা-টঙ্গী সড়কের ওপর নির্মিত দুটি, টঙ্গী এলাকায় রেলওয়ের দুটি সেতু। বালু নদীতে রয়েছে: ত্রিমুখ-রূপগঞ্জ-কালীগঞ্জ সেতু, ইছাপুরা সেতু ও ডেমরা বাজার সেতু। এসব সেতুর সাতটি সওজের, পাঁচটি এলজিইডির ও দুটি রেলওয়ের নির্মাণ করা।সেতুগুলোর মধ্যে রেলওয়ের দুটি সেতু পানি থেকে মাত্র তিন ফুট উঁচু। এই সেতুর নিচ দিয়ে একতলা ছোট ওয়াটার বাসও চলাচল সম্ভব নয়। দুই পিলারের মাঝখানে ফাঁকা মাত্র ৪০ ফুট। এ ছাড়া বেশ কয়েকটি সেতুর উচ্চতা পাঁচ থেকে আট ফুটের মধ্যে।রেলওয়ের একজন কর্মকর্তা জানান, রেলওয়ের সেতু দুটি উঁচু করা বেশ কঠিন। কারণ, রেলওয়ের সেতু উঁচু করলে রেললাইনের ঢাল দুই দিকেই উঁচু করতে হবে। এ ক্ষেত্রে প্রতি এক ফুট সেতু উঁচু করার সঙ্গে সঙ্গে দুই পাশের রেললাইন ২০০ ফুট পর্যন্ত উঁচু করতে হবে। এ ছাড়া বর্তমান যে রাস্তা আছে, তাও দুই ফুট চওড়া করতে হবে। এভাবে উচ্চতা যত বাড়বে ঢালও তত দূর পর্যন্ত নিতে হবে এবং সড়কের দুই পাশে নির্দিষ্ট অনুপাতে চওড়া করতে হবে।এ-সংক্রান্ত সরকারি কমিটির একজন সদস্য জানান, রেলওয়ের সেতুগুলো উঁচু করা সম্ভব নয়। তাই তারা কাঁচপুর সেতুপ্রান্তের নৌযানগুলোর জন্য টঙ্গী রেলস্টেশনের কাছাকাছি রেললাইনের দক্ষিণ প্রান্তে এবং আশুলিয়া থেকে টঙ্গীগামী নৌযানগুলোর থামার স্থান টঙ্গী ব্রিজের কাছে করার প্রস্তাব করেছে। এতে রেলওয়ের দুটি সেতুর নিচ দিয়ে পারাপারের দরকার হবে না। তবে তাতে যাত্রীদের একবার যান বদল করতে হবে।জানতে চাইলে বৃত্তাকার নৌপথ পরিদর্শনে গঠিত কমিটির প্রধান নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আলাউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, কিছু সেতু এখনো নির্মাণাধীন, সেগুলো উঁচু করার সুপারিশ করা হয়েছে। কিছু সেতু ভাঙতে হবে। রেলওয়ের সেতুগুলো উঁচু করা জটিল বলে সেগুলোর বিকল্প চিন্তা করা হচ্ছে। জানা গেছে, ২০০৫ সালে প্রথম পর্যায়ে সদরঘাট-আশুলিয়া পর্যন্ত ৩০ কিলোমিটার নৌপথ চালুর সিদ্ধান্ত হয়। সে সময় ব্যয় হয় ৩৬ কোটি টাকা। এখন সে পথ প্রায় অচল। ১২টি ল্যান্ডিং স্টেশনও ব্যবহূত হচ্ছে না। বিগত তত্ত্বাবধায়ক সরকার এসে ২০০৭ সালে প্রকল্পের পরিধি বাড়িয়ে দ্বিতীয় পর্যায় অনুমোদন করে। এ পর্যায়ে টঙ্গী-কাঁচপুর সেতু পর্যন্ত ৪০ কিলোমিটার প্রকল্প এলাকা বাড়ানো হয়। দ্বিতীয় পর্যায়ে বরাদ্দ দেওয়া হয় ৪৮ কোটি টাকা। বর্তমান সরকার বরাদ্দ বাড়িয়ে ৬৫ কোটি টাকা করেছে।জানতে চাইলে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান প্রথম আলোকে বলেন, আপাতত সদরঘাট থেকে আশুলিয়া পর্যন্ত একতলা ওয়াটার ট্যাক্সি (৩০-৩৫ আসনের) চালানো হবে। জুলাই নাগাদ এ সেবা চালু হতে পারে।এই পথটি বিগত চারদলীয় জোট সরকারের আমলেও তো চালু হয়েছিল—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তারা বেসরকারি উদ্যোগে চালানোর কারণে তা বন্ধ হয়ে যায়। বর্তমান সরকার প্রয়োজন হলে ভর্তুকি দিয়ে নিজে চালাবে। দ্বিতীয় পর্বের কাজ সম্পর্কে তিনি বলেন, প্রয়োজনীয় খননযন্ত্র না থাকায় সেটা আরও পরে শুরু হবে। নিচু সেতুগুলো ভাঙার বিষয়ে এলজিইডি, রেলওয়ে ও সওজের সঙ্গে আলোচনা চলছে বলে জানান নৌপরিবহনমন্ত্রী।