গতকাল মঙ্গলবার সারা দেশে জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল আংশিক পালিত হয়েছে। রাজধানীতে জনজীবন প্রায় স্বাভাবিক ছিল। সকালের দিকে রাস্তায় যান চলাচল কম থাকলেও দুপুরের পর বাস, সিএনজিচালিত অটোরিকশার চলাচল বাড়তে থাকে। ব্যক্তিগত গাড়িও রাস্তায় নামে।একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দলের জ্যেষ্ঠ নায়েবে আমির এ কে এম ইউসুফকে গ্রেপ্তার করার প্রতিবাদে জামায়াত গতকালের হরতাল ডাকে। এর আগে রোববার দলের আরেক নেতা মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার প্রতিবাদেও দলটি হরতাল ডেকেছিল। সেদিনের হরতালও ঢিলেঢালা ছিল।অন্যান্য হরতালের মতো গতকালও রাজধানীর বাস টার্মিনালগুলো থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি। ট্রেন, লঞ্চ ও বিমান চলাচল স্বাভাবিক ছিল। রাজধানীর বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠান ও বিপণিবিতান খোলা ছিল। রাজধানীতে কয়েকটি এলাকায় ৮-১০ জনের বিক্ষিপ্ত মিছিল ছাড়া হরতালে জামায়াত-শিবিরের কর্মীদের তেমন কোনো তৎপরতা দেখা যায়নি। বরং হরতালের বিরুদ্ধে রাজপথে সরব ছিল আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো। বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও নূর হোসেন স্কয়ারে সম্মিলিত আওয়ামী-সমর্থক জোটের ব্যানারে ২২টি সংগঠন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট জাতীয় প্রেসক্লাবের সামনে ও মিরপুর গোলচত্বরে যুবলীগ দুপুর ১২টায় হরতালবিরোধী মিছিল ও সমাবেশ করে। ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে থেকে হরতালবিরোধী মিছিল বের করে ছাত্রলীগ। সাড়ে ১২টার দিকে শাহবাগ থেকে গণজাগরণ মঞ্চও হরতালের বিপক্ষে মিছিল বের করে। মিছিলটি শুরুর কিছু আগে শাহবাগে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। সেখানে আরেকটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় পাওয়া যায়।হরতালে নাশকতা ঠেকাতে গতকাল রাজধানীর বিভিন্ন সড়ক, গুরুত্বপূর্ণ স্থান ও মোড়ে পুলিশ-র্যাব মোতায়েন ছিল। সন্দেহভাজন পথচারীদের তল্লাশি করা হয়। অনেক অলিগলির মুখেও সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সাড়ে আটটার দিকে পুরান ঢাকার দয়াগঞ্জ মোড় এলাকায় রেললাইনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির। পুলিশ ধাওয়া করলে চারটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় তারা। একই সময়ে ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের দয়াগঞ্জ এলাকায় টায়ার জ্বালিয়ে অবরোধ করেন শিবিরের কর্মীরা। সকাল আটটার দিকে বাবুবাজার এলাকায় হরতালের সমর্থনে মিছিল করে শিবির।সকালে আজিমপুরে মিছিল থেকে গাড়ি ভাঙার চেষ্টা করা হয়। সকাল সাতটার দিকে শেওড়াপাড়ায় মিছিল বের করলে পুলিশ ধাওয়া দিয়ে দুজনকে আটক করে। সকালের দিকে উত্তরার ৩ নম্বর সেক্টরে মিছিল বের করলে একজনকে এবং কাফরুলের মিছিল থেকে তিনজনকে আটক করে পুলিশ।ঢাকা মহানগর জামায়াত দাবি করেছে, রাজধানীর লালবাগ, খিলগাঁও, বনশ্রীসহ ৩৩টি এলাকায় তারা মিছিল বের করে। এসব এলাকা থেকে পুলিশ দলের ২২ নেতা-কর্মীকে আটক করেছে।সরকারের ভাষ্য: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে হরতাল চলাকালে জামায়াত-শিবিরের কর্মীরা ১১টি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের চেষ্টা করেন। বিভিন্ন স্থানে ১২টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। বাংলামোটর ক্রসিংয়ে হরতাল-সমর্থকদের ককটেলের আঘাতে রমজান নামের একজন ট্রাফিক কনস্টেবল আহত হন। জামায়াত-শিবির কয়েকটি স্থানে হিংসাত্মক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিরোধের মুখে পালিয়ে যায়।