রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার সিদ্ধান্ত নিয়েছে সরকার
রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার জন্য গণপূর্ত মন্ত্রণালয়কে প্রধান করে একটি টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ঢাকা শহরের বেগুনবাড়ি এলাকার ভবন ধস, নিমতলী এলাকার অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড় আইলা-পরবর্তী পুনর্বাসনের সর্বশেষ অগ্রগতি ও সম্ভাব্য বন্যা পরিস্থিতির পর্যালোচনার জন্য আজ রোববার ‘আন্তমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনার সমন্বয় কমিটির’ এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক সাংবাদিকদের এসব কথা জানান।মন্ত্রী জানান, বৈঠক থেকে ঢাকা শহরের বিভিন্ন অনুমোদনহীন গুদাম চিহ্নিত করতেও বলা হয়েছে। পাশাপাশি বিভিন্ন রাসায়নিক কারখানায় কী ধরনের রাসায়নিক পদার্থ রাখা হয় এবং এগুলোর কারণে কী ধরনের ক্ষতি হতে পারে, তা খুঁজে বের করার কথাও বলা হয়।সব জেলা শহরে বার্ন ইউনিট বা ট্রমা সেন্টার গঠন, খেলার মাঠে হাইড্রেন্ট পয়েন্ট তৈরিরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া ঢাকা শহরে প্রতিটি কমিউনিটি সেন্টারে যখনই কোনো অনুষ্ঠানের আয়োজন করা হবে, তখনই দমকল বাহিনীর একটি গাড়ি প্রস্তুত রাখারও সিদ্ধান্ত হয়েছে।দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাকের সভাপতিত্বে এই বৈঠকে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিবসহ ২৪ জন সচিব উপস্থিত ছিলেন।