রাজধানীর থানায় মামলাজট, তদন্ত শেষই হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) ইয়াছিন গাজী এ বছরের ১২ অক্টোবর পর্যন্ত ২৮টি মামলার তদন্ত করছিলেন। সেপ্টেম্বর মাসে এ সংখ্যা ছিল ২১-২২টি। আড়ের মামলাগুলোর তদন্ত শেষ হতে না-হতেই আরও কয়েকটি নতুন মামলার দায়িত্ব পড়ে তাঁর কাঁধে। ইয়াছিন গাজী বলেন, ‘থানার নিয়মিত দায়িত্ব পালনসহ আনুষঙ্গিক বিভিন্ন কাজে বেশ ব্যস্ত থাকতে হয়। ফলে তদন্তে যথোপযুক্ত মনোযোগ দিতে পারি না। এতে তদন্ত শেষ করতেও দেরি হয়। ফলে মামলা জমা পড়ছে।’ তাঁর মতো রাজধানীর বিভিন্ন থানার এসআইরা মামলা জমে থাকার কারণ হিসেবে একই যুক্তি দেখিয়েছেন। তবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ যুক্তি মানতে নারাজ। নাম প্রকাশ না করার শর্তে তাঁরা বলেন, রাজধানীর থানাগুলোতে প্রতি মাসে গড়ে দুই হাজার মামলা হয়। আর মামলার তদন্তকারী কর্মকর্তা আছেন ৮৫০ জন। সে ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা নয়।আর ভুক্তভোগীরা বলছেন, অবহেলা, উদাসীনতা ও দুর্নীতির কারণে তদন্ত দীর্ঘায়িত হয়। বছরের পর বছর থানা-পুলিশ ‘তদন্ত চলছে’ বললেও এ তদন্ত শেষ হয় না।থানা-পুলিশের সঙ্গে একমত পোষণ করে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, থানার বিভিন্ন দায়িত্ব পালনে পুলিশের অনেক কর্মঘণ্টা ব্যয় হয়। ফলে তদন্তের ক্ষেত্রে যে পরিমাণ মনোযোগ দেওয়া দরকার, তা দেওয়া সম্ভব হয় না। এতে মামলা জমা পড়ে যায়।পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৭ অক্টোবর পর্যন্ত মিরপুর থানায় প্রায় ২৪৮টি, যাত্রবাড়ী থানায় ১৪৬টি, রমনা থানায় ১০০টি ও দক্ষিণখান থানায় ৯০টি মামলা তদন্তাধীন আছে। হাজারীবাগ, বংশাল ও ধানমন্ডি থানায় ৬৫টির মতো মামলা তদন্তাধীন। এ ছাড়া রাজধানীর অন্য থানাগুলোতে বর্তমানে গড়ে ৫০টি মামলা তদন্তাধীন আছে।পুলিশ জানায়, এ মামলাগুলোর মধ্যে গত এক বছরের মামলাও রয়েছে। কয়েকটির তদন্ত দুদক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ কয়েকটি সংস্থার দায়িত্বে রয়েছে।খোঁজ নিয়ে দেখা গেছে, মিরপুর থানায় বর্তমানে তদন্তকারী কর্মকর্তা আছেন ১৭ জন। এখানে প্রতি মাসে মামলা হয় গড়ে ৮০টি। সে হিসাবে একজন এসআইয়ের ভাগে মাসে চার-পাঁচটি করে মামলা তদন্তের দায়িত্ব পড়ে। কিন্তু বর্তমানে প্রত্যেককে ১৪-১৫টির মতো মামলার তদন্ত করতে হচ্ছে। একই অবস্থা যাত্রাবাড়ী থানায়ও। এখানে প্রতি মাসে গড়ে ৯০টির মতো মামলা হয়। এসআই আছেন ২০ জনের মতো। অন্য থানাগুলোর চিত্রও একই।মোহাম্মদপুর থানার এসআই আফজাল হোসেন বলেন, তিনি ১৪টি মামলার তদন্ত করছেন। আনুষঙ্গিক কাজের চাপে সময় পান না বলে অবসর সময়ে মামলার তদন্ত করেন তিনি। রমনা থানার এসআই রিজাউল ইসলাম বলেন, তদন্তই পুলিশের মূল কাজ। কিন্তু পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে অন্য কাজের চাপে গভীরভাবে কোনো মামলার তদন্ত করা সম্ভব হয় না। মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) রোকুনজ্জামান বলেন, অনেক সময় এক এসআই বদলি হওয়ার পর তাঁর মামলার তদন্ত আরেকজনের কাঁধেও চাপে। এভাবেও মামলার জট সৃষ্টি হয়।কাজের চাপ না অন্য কিছু: তদন্তে দীর্ঘ সময় লাগার কারণ সম্পর্কে রাজধানীর বেশ কয়েকটি থানার ওসি ও এসআইরা বলেন, তাঁদের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, নিরাপত্তা, হরতাল, গ্রেপ্তারি পরোয়ানা তামিলসহ থানার অন্যান্য আনুষঙ্গিক দায়িত্ব পালন করতে হয়। এতে তদন্তে সময় পাওয়া যায় না। আবার কিছু মামলার তদন্ত শেষ হলেও ময়নাতদন্ত ও ভিসেরা প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হয়। রাজনৈতিক মামলা হলে পড়তে হয় সিদ্ধান্তহীনতায়। তা ছাড়া আসামিদের ঠিকানা যাচাই-বাছাইসহ বিভিন্ন ধরনের সময়সাপেক্ষ কাজ করতে হয়। আর এসআই-স্বল্পতা তো আছেই।তবে নাম প্রকাশ না করে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, তদন্তটা থানা-পুলিশের জন্য এখন ব্যবসা হয়ে গেছে। ইচ্ছা করেই অনেক মামলার তদন্ত দীর্ঘায়িত করা হয়। এমন অনেক মামলা আছে, তদন্তকারী কর্মকর্তারা ঘটনাস্থলেই যান না। পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, রাজধানীর থানাগুলোতে প্রতি মাসে গড়ে দুই হাজার মামলা হয়। আর মামলার তদন্তকারী কর্মকর্তা আছেন ৮৫০ জন। দুই হাজারের মধ্যে প্রায় ৮০০ হচ্ছে উদ্ধারজনিত মামলা। মামলাগুলোর নিষ্পত্তিও পুলিশ খুব দ্রুত করে। এই ৮০০ বাদ দিলে প্রতি তদন্তকারী কর্মকর্তা একটি করে মামলা তদন্তের দায়িত্ব পান। এর মধ্যে কিছু মামলা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও পুলিশের অপরাধ সংস্থা তদন্ত করে। ফলে একটি মামলার তদন্ত করতে বছরের পর বছর সময় লাগার কথা নয়।অভিযোগ: ভুক্তভোগীরা বলছেন, অবহেলা, উদাসীনতা, পক্ষপাতিত্ব, দুর্নীতি প্রভৃতি কারণে মামলার তদন্ত দীর্ঘায়িত হয়। এভাবে অনেক সময় পুরো মামলারই ক্ষতি করে দেন তদন্তকারী কর্মকর্তারা।গত ৩১ অক্টোবর মিরপুর ক্যান্টনমেন্টের বাসা থেকে স্কুলছাত্র সামিন ইয়াসার শাওনের (১৪) জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের অভিযোগ, এখন পর্যন্ত পুলিশ মূল আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। অভিযোগপত্রও দেওয়া হয়নি। পুলিশ বলছে, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অচিরেই অভিযোগপত্র দেওয়া হবে।গত ২১ জানুয়ারি মিরপুর মধ্য পীরেরবাগের বাসায় ঢুকে কাজী জিয়া হায়দার নামের এক ব্যক্তিকে গুলি করে দুর্বৃত্তরা। আসামির সঙ্গে সখ্য গড়া, মামলা ভিন্ন খাতে নেওয়া ও মামলার বাদী নিহতের স্ত্রী সেলিনা আজমীকে ফাঁসানোর চেষ্টাসহ থানা-পুলিশের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠে। ২৫ দিন পর মামলাটি ডিবির কাছে হস্তান্তর করা হয়। ডিবি কয়েকজনকে গ্রেপ্তার করে। মামলাটি এখনো তদন্তাধীন। গত ৫ আগস্ট পল্লবীর সাগুফতা আবাসিক এলাকা থেকে মোহাম্মদ আলী (২৭) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। অভিযোগ ওঠে, থানা-পুলিশ একে ‘ক্রসফায়ার’ হিসেবে আখ্যায়িত করে তদন্ত থামিয়ে রাখে। পরে ডিবি কয়েকজনকে গ্রেপ্তার করে। ডিবির এক কর্মকর্তা স্বীকার করেন, ক্রসফায়ার বলে পুলিশ দায়িত্ব এড়ানোর চেষ্টা করেছিল।সার্বিক বিষয়ে জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকার প্রথম আলোকে বলেন, মামলা হলেই বিধিবদ্ধ কর্মকর্তারা বিধিবদ্ধভাবেই মামলার তদন্ত করেন। এ ক্ষেত্রে তদন্তে সর্বোচ্চ চেষ্টা থাকে। আইজি বলেন, ‘মামলা বাড়বেই। বলতে দ্বিধা নেই, আমাদের সীমিত জনবলের মধ্যেই কাজ করতে হয়। আমি জোর গলায় বলতে পারি, পুলিশ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে।’বিভিন্ন অভিযোগের ব্যাপারে আইজি বলেন, অনিয়মকারীদের সংখ্যা খুবই সীমিত। অনিয়ম তদারক করে দেখা হয়। তদন্তে ব্যর্থতার জন্য শাস্তির ব্যবস্থা করা হয়। শুরু হচ্ছে না তদন্ত ইউনিট: ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা বলেন, সব কিছু বিবেচনা করে মামলা সুষ্ঠু তদন্তের জন্য পুলিশের পৃথক তদন্ত ইউনিট গঠন করা হয়েছে। এ ব্যাপারে লোকবল বরাদ্দ দেওয়া হলেও যানবাহন ও সরঞ্জাম বরাদ্দ না পাওয়ায় পুলিশের পৃথক তদন্ত ইউনিটের কার্যক্রম শুরু হচ্ছে না। এর কার্যক্রম শুরু করা গেলে পুলিশ তদন্তে মনোযোগী হতে পারবে।