রাজধানীর নামী হাসপাতাল কিডনি ব্যবসায় জড়িত
রাজধানীর কিছু নাম করা হাসপাতাল কিডনি বেচাকেনার ব্যবসার সঙ্গে জড়িত। কিডনি কেনাবেচা চক্রের প্রধান তারেক আজিম ওরফে বাবুল চৌধুরী (৪৭) ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে সাংবাদিকদের সামনে এ কথা বলেন। ডিবির একটি দল গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ফকিরাপুল থেকে তাঁকে গ্রেপ্তার করে। আজ শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে তাঁকে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি করা হয়।তারেক এ ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে বলেন, তিনি ২০০৬ সাল থেকে কিডনি বেচাকেনা করে আসছেন। তারেক জানান, রাজধানীর বেশ কিছু নাম করা হাসপাতাল কিডনি বেচাকেনার সঙ্গে জড়িত। তবে হাসপাতালের কোনো চিকিত্সকের নাম বলতে পারেননি তিনি। কিডনি বেচাকেনা চক্রের হোতা আরও জানান, বিদেশে কিডনি বিক্রির ক্ষেত্রে পান্থপথের এক ব্যবসায়ী তাঁকে সহায়তা করেন।পুলিশ জানায়, তারেকের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রাতে রাজধানীর দুটি হাসপাতালে অভিযান চালানো হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি।সাংবাদিকদের সামনে তারেক বলেন, কিডনি বেচাকেনা যে বেআইনি, তিনি তা জানতেন না। প্রতিটি কিডনি বিক্রিতে দালালদের ২৫ থেকে ৫০ হাজার টাকা দেওয়া হয়। আর কিডনি দাতাকে দেওয়া হয় এক লাখ ৭০ হাজার থেকে চার লাখ টাকা।তারেক আরও বলেন, জয়পুরহাটের কালাই উপজেলার দুটি গ্রামের লোক কিডনি বেচাকেনার সঙ্গে যুক্ত। সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মনিরুজ্জামান বলেন, রাজধানীতে এ রকম তিনটি গ্রুপ সক্রিয়। প্রতিটি গ্রুপে সাত থেকে আটজন করে সদস্য রয়েছে। তিনি বলেন, দরিদ্র লোকজন কিডনি বিক্রি করে। কিন্তু দালালেরা মূল টাকা মেরে দেয়।সংবাদ সম্মেলনে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম উপস্থিত ছিলেন।