রাজধানীর নির্মাণাধীন ভবনগুলো এখনো বিপজ্জনক
রাজধানীর বেশির ভাগ নির্মাণাধীন বহুতল ভবন এখনো পথচারীদের জন্য বিপজ্জনক। ১৬ জুলাই রাজধানীর পান্থপথে সাগুফতার একটি ভবন থেকে মাথায় ইট পড়ে হাবিবুর রহমান নামের এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যুর পরও বেশির ভাগ নির্মাণাধীন ভবনে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়নি।পান্থপথের ওই স্থানে গিয়ে দেখা গেছে, সাগুফতার সেই নির্মাণাধীন ভবনের পাশেই অপর একটি বহুতল হাসপাতাল ভবনের সাত তলা থেকে নিচ পর্যন্ত নিরাপত্তা-জাল লাগানো হয়েছে। এর আগে ওই ভবনটিতে শুধু মাচা লাগানো ছিল। হাবিবুর রহমান মারা যাওয়ার দুদিনের মধ্যে সাগুফতার ভবনটিতেও তড়িঘড়ি করে জাল লাগানো হয়। তিনতলা বরাবর তৈরি করা হয় টিনের নিরাপত্তা-মাচা।অথচ ওই ভবন দুটির পাশেই আরেকটি নির্মাণাধীন ভবনে কোনো নিরাপত্তাব্যবস্থাই নেওয়া হয়নি। এলাকাবাসী বলেছে, বেশ কিছুদিন ধরে ভবনটির নির্মাণকাজ বন্ধ রয়েছে। তবে নির্মাণকাজ চলাকালেও ওই ভবনে নিরাপত্তামূলক কোনো ব্যবস্থা ছিল না।রাস্তা থেকে ওই ভবনটির ওপরের দিকে তাকালে দেখা যায়, দোতলার কিনারে বেশ কিছু ইট একটার ওপর একটা সাজানো অবস্থায় আছে। ভবনটির তিন ও চারতলায় ইট ও পাথর অবিন্যস্ত অবস্থায় দেখা গেছে। তবে নির্মাতা প্রতিষ্ঠানের কোনো ব্যক্তি বা কর্মরত কোনো শ্রমিককে সেখানে পাওয়া যায়নি।একই এলাকায় দেখা গেছে, ১০ তলা একটি নির্মাণাধীন ভবনে নিরাপত্তা-জাল লাগানো হয়েছে। এর আগে ওই ভবনটিতে কোনো জাল লাগানো ছিল না। নির্মাণকাজ শুরুর সময় থেকে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়নি কেন জানতে চাইলে ওই ভবনের নির্মাণ ঠিকাদার প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তা কোনো সদুত্তর দিতে পারেননি।যোগাযোগ করা হলে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জিয়াউজ্জামান প্রথম আলোকে বলেন, ১৬ জুলাইয়ের দুর্ঘটনার পর ওই এলাকার সব নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা এড়াতে নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।বেশির ভাগ ভবনে নিরাপত্তাব্যবস্থা নেই: পান্থপথের একটি নির্মাণাধীন ভবনে এখনো কোনো নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়নি। স্কয়ার হাসপাতালের পাশে এই ভবনটির ওপরের অংশ বর্ধিত করা হচ্ছে।স্থানীয় ব্যবসায়ী মো. কালাম অভিযোগ করেন, বেশ কয়েক মাস আগে কাজ শুরু হলেও নির্মাতা প্রতিষ্ঠান এখনো কোনোরকম নিরাপত্তা নেয়নি। ছাদ ঢালাইয়ের পর যখন কাঠের কাঠামো (শাটারিং) খোলা হবে, তখন পেরেক লাগানো কাঠ ছুটে পড়ার আশঙ্কা আছে।পান্থপথ সিগন্যালের কাছে গ্রিন রোডে নির্মাণাধীন একটি ভবনেও কোনোরকম নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়নি। ওই রাস্তায় বেশ কয়েকটি নির্মাণাধীন ভবন রয়েছে। এরই মধ্যে নামকরা একটি ঠিকাদার প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবনে গিয়ে দেখা যায়, রাস্তার দিকে ভবনের সামনের অংশে মাচা তৈরি করা হয়েছে, কিন্তু জাল লাগানো হয়নি। প্রশ্ন করা হলে ওই নির্মাণস্থলের প্রকৌশলী আবু সাঈদ বলেন, এক সপ্তাহের মধ্যে জাল লাগানো হবে।একই রাস্তার অপর একটি ১৭ তলা নির্মাণাধীন ভবনে জাল বা মাচার কোনোটাই দেখা যায়নি। কিন্তু এ ভবনের পাশে একটি ছোট গলির ওপর নির্মাতা প্রতিষ্ঠানটি নিরাপত্তা-জাল লাগিয়ে দিয়েছে। এই জালের নিচ দিয়ে স্থানীয় মানুষ চলাচল করছে। রাস্তার দিকের অংশে ফুটপাতের ওপরও জাল দেওয়া হয়েছে।ভবনের গায়ে না দিয়ে রাস্তায় জাল লাগানো হয়েছে কেন—এ প্রশ্ন করা হলে ওই ভবনের নির্মাণ তত্ত্বাবধায়ক মো. রেজাউল করিম ও হিসাবরক্ষণ কর্মকর্তা মনির হোসেন বলেন, ভবনটি নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। এখন ফিনিশিংয়ের কাজ (প্লাস্টার করা, কাচ লাগানো) চলছে। এ অবস্থায় জাল লাগানো থাকলে কাজ করতে সমস্যা হয় বলে জাল খুলে ফেলা হয়েছে। কিন্তু পাশের গলিতে পথচারীদের কথা চিন্তা করে তার জাল লাগানো হয়েছে।মিরপুর ২ নম্বর সেক্টরের শেরেবাংলা নগর স্টেডিয়ামসংলগ্ন কয়েকটি নির্মাণাধীন ভবনে নিরাপত্তা-মাচা থাকলেও জাল ব্যবহার করা হচ্ছে না। এসব ভবনের পাশের রাস্তাগুলো খুব একটা প্রশস্ত না হওয়ায় পথচারীরা হাঁটা-চলা করার সময় আতঙ্কে থাকেন। মোহাম্মদপুরে শিয়া মসজিদ বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকা, তাজমহল রোড ও শ্যামলী রিং রোডের বেশির ভাগ নির্মাণাধীন ভবনেই নিরাপত্তা-জাল নেই। এসব জায়গায় শুধু মাচা লাগিয়ে কাজ করা হচ্ছে। কোনো কোনো ভবনে চটের ছালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) অনুসারে, নির্মাণকাজের শুরু থেকে শেষ পর্যন্ত নাইলনের জাল দিয়ে পুরো ভবনটি ঢেকে দিতে হবে। এ ছাড়া নিরাপত্তার জন্য মাচা তৈরি করার নিয়ম আছে। কয়েকটি ভবনে নিরাপত্তাব্যবস্থা: ২০ জুলাই নিরাপত্তা-জাল ও মাচাবিহীন ধানমন্ডির একটি নির্মাণাধীন ভবনের ছবি প্রথম আলোয় ছাপা হওয়ার পর ভবনটিতে চটের ছালা লাগানো হয়েছে।বাংলামোটর থেকে শাহবাগ যেতে হাতের বাঁয়ে কয়েকটি নির্মাণাধীন বহুতল ভবনে কয়েক দিন আগে নিরাপত্তা-জাল লাগানো হয়েছে। ওই এলাকার লোকজন জানান, এত দিন এসব ভবনে শুধু টিনের মাচা ছিল। গুলশান ও বনানী এলাকার কয়েকজন বাসিন্দা জানান, ওই এলাকার কয়েকটি ভবনে নতুন জাল লাগানো হয়েছে। এ ছাড়া এলিফ্যান্ট রোড ও পরীবাগ এলাকায় নির্মাণাধীন কয়েকটি ভবনে জাল লাগানো হয়েছে। নির্মাণাধীন ভবনকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা নেওয়া প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক এ এম এম সফিউল্লাহ প্রথম আলোকে বলেন, ‘নির্মাণাধীন ভবন জাল দিয়ে ঢেকে দেওয়া এবং টিন দিয়ে নিরাপত্তা-মাচা তৈরি করা মোটেও ব্যয়বহুল নয়। এসব জিনিস বারবার ব্যবহার করা যায়। প্রকৃতপক্ষে আমরা একটি নিরাপত্তার সংস্কৃতিতেই পৌঁছাতে পারিনি।’