রাজধানীর নৌপথে ওয়াটার বাস চালু
রাজধানীতে যানজট নিরসনে আজ শনিবার সকাল থেকে গাবতলী-সদরঘাট নৌপথে ওয়াটার বাস চালু হয়েছে। সকাল ১০টার দিকে গাবতলী ল্যান্ডিং স্টেশন থেকে এই সার্ভিসের উদ্বোধন করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।উদ্বোধনী অনুষ্ঠানে শাজাহান খান বলেন, নদীকে মানুষের সেবায় কাজে লাগাতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। এটা সরকারের অবশ্য পালনীয় বিষয়। নদীকে কাজে লাগিয়ে পণ্য আনা-নেওয়া করলে দ্রব্যমূল্য কমবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, নদী খননে কাজ চলছে। সরকারের অঙ্গীকার অনুযায়ী নদী দূষণ ও দখলমুক্ত করার কাজ ঈদের পর শুরু হবে। নৌপরিবহনমন্ত্রী আরও বলেন, এমবি (মোটর বোড) বুড়িগঙ্গা ও তুরাগ দিয়ে এই সার্ভিস শুরু করা হলো। আরও ওয়াটার বাস নামানো হবে, এর মধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত ওয়াটার বাসও থাকবে। তিনি জানান, চার মাসের মধ্যে ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে আরও ১০টি ওয়াটার বাস নামানো হবে।অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির, সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন এবং বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রসঙ্গত, ‘তুরাগ’ ও ‘বুড়িগঙ্গা’ নামের দুটি ওয়াটার বাস প্রতিদিন সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেড় ঘণ্টা পরপর সদরঘাট-সোয়ারীঘাট-খোলামুড়া-গাবতলী নৌপথে চলাচল করবে। ৩৮.৩৮ ফুট দৈর্ঘ্য ও ১১.৪৮ ফুট প্রস্থের প্রতিটি বাসে আসন আছে ৩৫টি। বাস দুটি ঘণ্টায় ২২.৪৮ কিলোমিটার বা ১২ নটিক্যাল মাইল বেগে চলতে পারবে। সদরঘাট থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরত্বের গাবতলী ল্যান্ডিং স্টেশনে যেতে এই বাসের সময় লাগবে প্রায় ৫০ মিনিট। সদরঘাট থেকে গাবতলী পর্যন্ত যাত্রীপ্রতি ভাড়া ৩০ টাকা।বিআইডব্লিউটিসি সূত্র জানায়, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এ জলযান দুটি তৈরিতে খরচ হয়েছে এক কোটি ১১ লাখ ৫০ হাজার টাকা।