রাজধানীর পশুর হাট শুরু হয়েছে সময়ের আগেই
‘এটা কোথাকার গরু? দাম কত? ওজন কত?’ মাঝারি আকৃতির লাল একটি ষাঁড় দেখিয়ে গরুর ব্যাপারি আবদুর রহিমকে প্রশ্নগুলো করলেন রাজধানীর ধানমন্ডির বাসিন্দা শফিকুল ইসলাম। ষাঁড়টির ওজন প্রায় সাত মণ হবে জানিয়ে ফরিদপুর থেকে আসা বিক্রেতা দাম হাঁকলেন ৯০ হাজার টাকা। আগারগাঁও অস্থায়ী পশুর হাটের গতকাল বৃহস্পতিবার দুপুরের চিত্র এটি।রাজধানীতে ১৪ নভেম্বর রোববার থেকে অস্থায়ী পশুর হাট শুরুর কথা থাকলেও গতকালই প্রায় সব হাট বসে গেছে। বিভিন্ন পশুর হাটে গিয়ে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাটগুলোতে ট্রাকভর্তি গরু, ছাগল, মহিষ, ভেড়া আসছে। বিদেশি গরুর পাশাপাশি আসছে উটও। ব্যাপারিরা বাঁশের সঙ্গে গরু বাঁধছেন। কেউ কেউ ব্যস্ত গরু সাজাতে। হাটের আয়োজকেরা জানান, তাঁদের সব প্রস্তুতি শেষ। এখন শুধু গরু রাখার ব্যবস্থা করা হচ্ছে।গাবতলী স্থায়ী পশুর হাট: বরাবরের মতো এবারও কোরবানির পশুর সবচেয়ে বড় হাট বসছে গাবতলীর স্থায়ী হাটে। হাটের আরও তিনটি চত্বরে বাঁশ পুঁতে একাধিক তাঁবু টাঙানো হয়েছে। হাট কমিটির সদস্য মোহাম্মদ রিপন বলেন, ‘এখন যেখানে বাঁশ পোতা হচ্ছে, সেখানে শুধু পাঁচ-ছয় দিন গরু বিক্রি করে চলে যাবেন ব্যাপারিরা। ভেতরের হাটের ব্যাপারিরা সারা বছর গরু বিক্রি করেন।অনেক ট্রাককে দেখা গেল গরু নামানোর অপেক্ষায় আছে। গাবতলী হাটের পরিচালক মোহাম্মদ সোহেল হাসিব প্রথম আলোকে বলেন, এখন প্রতিদিন এই হাটে ছয় থেকে সাত হাজার গরু আসছে। গতকাল পর্যন্ত এখানে গরু, ছাগল, মহিষ, ভেড়া ও উটসহ মোট পশুর সংখ্যা ছিল ৪৫ হাজার থেকে ৫০ হাজার।উটের মৃত্যু: পঞ্চগড় থেকে মোমিন ব্যাপারি আটটি উট এনেছিলেন গাবতলী হাটে। এর মধ্যে একটি গতকাল সকালে মারা গেছে। মৃত্যুর কারণ জানতে চাইলে এই হাটে দায়িত্বরত ভেটেরিনারি চিকিৎসক সুকেশ চন্দ্র বৈদ্য বলেন, উট ও দুম্বার অ্যানথ্রাক্স হয় না। এটি আঘাতজনিত কারণে মরতে পারে।মোমিন ব্যাপারি বলেন, আনার সময় ওই উটটি মাথায় আঘাত পেয়েছিল। আনার পর থেকেই তাই এটি অসুস্থ হয়ে পড়ে এবং গতকাল খাওয়া বন্ধ করে দেয়। সকালে উটটি মারা যায়।প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, ‘বিশেষজ্ঞ পশু চিকিৎসকদের সমন্বয়ে ছয় সদস্যের একটি দল গাবতলী হাটে কাজ করছে এবং তারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। সুকেশ চন্দ্র বৈদ্য বলেন, ‘সংক্রমিত পশু যাতে বাজারে ঢুকতে না পারে, আমরা সেদিকে নজর রাখছি এবং কেউ পশু পরীক্ষা করাতে চাইলে তাও দেখছি।’নয়াবাজার অস্থায়ী পশুর হাট: নগরে সবচেয়ে বড় অস্থায়ী পশুর হাট বসে পুরান ঢাকার নয়াবাজারে। এটি আরমানিটোলা খেলার মাঠে আয়োজন করা হয়। এবার দুই কোটি ২০ লাখ টাকায় হাটটির ইজারা নিয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আবু সাঈদ, মোহাম্মদ আমিনুল হক ও মোহাম্মদ সাইদ।এই হাটে গতকাল ফরিদপুর, যশোর, ঝিনাইদহ ও কুষ্টিয়া থেকে ব্যাপারিরা প্রায় ৫০০ দেশি-বিদেশি গরু এনেছেন। আয়োজকেরা জানান, এখানে প্রায় ২০ হাজার গরু আসবে। দুপুর পর্যন্ত হাটের অর্ধেক প্রস্তুতি শেষ হয়েছে। হাসিল আদায়ের জন্য একটি কাউন্টার করা হয়েছে। এলাকাবাসী ধারণা করছেন, হাটটি মাঠ ছাড়িয়ে সংলগ্ন সড়কেও বিস্তৃত হবে। যা তাঁদের চলাচলে দুর্ভোগের কারণ হবে।ব্রাদার্স ইউনিয়নের মাঠ: ব্রাদার্স ইউনিয়নের মাঠের অস্থায়ী পশুর হাটে গত মঙ্গলবার থেকে গরু আসা শুরু হয়েছে। গতকাল দুপুরে হাটে প্রায় দুই হাজার গরুর সমাগম ছিল। আয়োজকেরা জানান, আজ-কালের মধ্যে এখানে ২৫ থেকে ৩০ হাজার গরু আসবে।হাট ঘুরে দেখা গেছে, মাঠসংলগ্ন সড়কেও গরুর জন্য বাঁশ পোতা হয়েছে। ফুটপাতে বিভিন্ন এলাকার গরুর ব্যাপারিদের নামে ব্যানার টাঙানো রয়েছে। এতে সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে সেখানে দায়িত্বরত র্যাবের এক সদস্য বলেন, ‘আমরা হাটের নিরাপত্তা ও চাঁদাবাজি যাতে না হয়, সেই দিকটি দেখছি।গোলাপবাগে হাট হচ্ছে: এবার অস্থায়ী হাট না বসানোর সিদ্ধান্ত থাকলেও শেষ পর্যন্ত গতকাল গোলাপবাগের ডিসিসির আউটফল স্টাফ কোয়ার্টারের মাঠে হাটের ইজারা দিয়েছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। এর আগে ঢাকা মহানগর পুলিশের অনুরোধে হাটটি না বসানোর সিদ্ধান্ত নিয়েছিল ডিসিসি। জানা গেছে, স্থানীয় সাংসদ ও ওয়ার্ড কাউন্সিলরদের উদ্যোগ ও অনুরোধে গতকাল হাটটির অনুমোদন দেওয়া হয়।অন্যান্য অস্থায়ী হাট: অস্থায়ী অন্যান্য পশুর হাটের মধ্যে আগারগাঁও বস্তির খালি জায়গা, তালতলা বাসস্ট্যান্ডসংলগ্ন খালি জায়গা, উত্তরার আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, বাড্ডার মেরাদিয়া বাজার, বনানীর কাকলী ও জিগাতলার হাজারীবাগ মাঠে হাটের প্রস্তুতি শেষ।