রাজধানীর পানিসংকট মোকাবিলার দায়িত্ব নিলেন সেনাসদস্যরা
রাজধানীতে বিদ্যমান তীব্র পানিসংকট মোকাবিলার জন্য আজ বুধবার সকাল থেকে সেনাসদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন। তাঁরা ওয়াসার ১০টি আঞ্চলিক কেন্দ্র এবং বেইলি রোডে অবস্থিত ওয়াসার জরুরি নিয়ন্ত্রণ কক্ষে মে মাস পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন। একেকটি দলে আছেন সেনাবাহিনীর ৩৬ জন সদস্য। ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে।ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান প্রথম আলোকে জানান, সেনাসদস্যরা আঞ্চলিক কেন্দ্র ও জরুরি নিয়ন্ত্রণকক্ষে দায়িত্ব পালন করে ওয়াসাকে সহায়তা করবেন। অনেক সময়ই ওয়াসার কাজে শৈথিল্য দেখা যায়। সেনাসদস্যদের মোতায়েন করার পর পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।এর আগে সিদ্ধান্ত হয়েছিল, পানিসংকট নিয়ন্ত্রণে সেনাবাহিনী ১ এপ্রিল থেকে দায়িত্ব নেবে। কিন্তু সশস্ত্র বাহিনীর একটি অনুষ্ঠানের কারণে সেনাবাহিনী স্থানীয় সরকার মন্ত্রণালয় ও ঢাকা ওয়াসার কাছে ১ এপ্রিল থেকে এ দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করে জানায়, ৭ এপ্রিল থেকে তারা আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব নেবে।