রাজধানীর পাশে চারটি স্যাটেলাইট টাউন গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজধানীর ক্রমবর্ধমান জনসংখ্যার আবাসন সংকট নিরসনে ঢাকা শহরের চারপাশে চারটি স্যাটেলাইট টাউন গড়ে তোলা হবে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উদ্যোগে এসব স্যাটেলাইট টাউনে সব ধরনের নাগরিক সুযোগ-সুবিধা রাখা হবে। এসব শহরে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের সদস্যদের জন্য বিভিন্ন আয়তনের ফ্ল্যাট নির্মাণ করা হবে।আজ বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে গোলাম দস্তগীর গাজীর এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তবে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হওয়ায় কোনো সম্পূরক প্রশ্নের সুযোগ ছিল না। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশনের শুরুতেই প্রধানমন্ত্রী সংসদে যোগ দেন। তবে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া আজও সংসদে আসেননি। তবে বিরোধী দলের সদস্যরা সংসদে উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী বলেন, মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের জন্য রাজধানীর তিনটি এলাকায় ৫২ হাজার ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নিয়েছে রাজউক। ৬০০ থেকে এক হাজার ২০০ বর্গফুটের এসব ফ্ল্যাট রাজউকের মাধ্যমে বরাদ্দ দেওয়া হবে। এর মধ্যে রাজধানীর ঝিলমিল আবাসিক প্রকল্পে ১০ হাজার, উত্তরায় ২২ হাজার ৫০০ এবং পূর্বাচলে ২০ হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে। এ জন্য প্রয়োজনীয় জমি বরাদ্দ রাখা হয়েছে।প্রধানমন্ত্রী বলেন, রাজধানী ছাড়াও সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে আবাসিক প্লট ও ফ্ল্যাট নির্মাণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। রাজশাহী, চট্টগ্রাম ও খুলনায় সরকারি গৃহায়ণ কর্তৃপক্ষের মাধ্যমে ফ্ল্যাট দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে।