রাজধানীর বংশালে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
রাজধানীর বংশালে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অপু (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও চারটি গুলি উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে বংশাল থানার ইংলিশ রোডে চিত্রামহল সিনেমা হলের পাশে এ ঘটনা ঘটে।নিহত অপুর বাবা শেখ আহমেদ। তাঁর বাসা বংশাল থানার বেচারাম দেউড়ি এলাকায়।র্যাব-১০-এর উপপরিচালক মেজর কিসমত হায়াত প্রথম আলোকে বলেন, আজ ভোর পৌনে চারটার দিকে তাঁতিবাজার দিয়ে র্যাবের একটি অপারেশন দল যাচ্ছিল। এ সময় ইংলিশ রোডে ট্রাক স্ট্যান্ডে সন্দেহভাজন কয়েকজনকে দেখে র্যাব তাদের চ্যালেঞ্জ করে। তখন ওরা পিস্তল বের করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালালে তাদের একজন আহত হয়ে মাটিতে পড়ে যায় এবং অন্যরা পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে চার রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়।হায়াত আরও জানান, অপু ভুট্টো গ্রুপের একজন শীর্ষ নেতা। সে ভুট্টোর নামে চাঁদাবাজি করতেন। সম্প্রতি স্বর্ণ ব্যবসায়ী আবুল কালাম নিহত হওয়ার পেছনে অপু জড়িত থাকতে পারে বলে র্যাব সন্দেহ করছে।কোতোয়ারি থানার উপপরিদর্শক (এসআই) লিয়াকত আলী জানান, অপুর নামে ডাকাতি, অস্ত্র ও ভাঙচুরের তিনটি মামলা আছে।