রাজধানীর বাইরে ইউরোলজির চিকিৎসার ব্যবস্থা: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজধানীতে ইউরোলজির রোগীদের চাপ কমাতে দেশের ১০টি জেলার ১২টি মেডিকেল কলেজ ও হাসপাতালে ইউরোলজি ও নেফরোলজি চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ শনিবার হোটেল সোনারগাঁওয়ে সপ্তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন এবং তৃতীয় এশিয়ান-ইউরোপিয়ান স্কুল অব ইউরোলজি কোর্সের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, আজ থেকেই ১০ জেলার ১২টি মেডিকেল কলেজ ও হাসপাতালে গ্রামের মানুষ ইউরোলজি রোগের চিকিত্সার সুযোগ পাবে।প্রধানমন্ত্রী বলেন, ইউরোলজিস্টদের ১৫০টি পদ সৃষ্টি করা হয়েছে। এখন পদায়ন চলছে। দেশে বর্তমানে কিডনি ও ইউরোলজি রোগীর সংখ্যা প্রায় এক কোটি ৬০ লাখ। শয্যাসংখ্যা, প্রয়োজনীয় লোকবল ও অবকাঠামোগত সুযোগ-সুবিধার অভাবের কারণে সারা দেশ থেকে রাজধানীতে আগত রোগীদের চিকিৎসা পেতে অনেক দিন অপেক্ষা করতে হতো।শেখ হাসিনা বলেন, তাঁর বিগত সরকারের আমলে জাতীয় কিডনি রোগ ইনস্টিটিউট এবং ইউরোলজি হাসপাতাল প্রতিষ্ঠার ফলে এ সমস্যার অনেকাংশেই সমাধান হয়েছে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এসে হাসপাতালটিতে জনবল ও সুযোগ-সুবিধা বৃদ্ধি করেনি। ফলে হাজার হাজার রোগী দেশের উচ্চ ডিগ্রিধারী ইউরোলজিস্টদের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছে। তিনি বলেন, স্বাস্থ্যসেবাকে অধিক কার্যকর ও টেকসই করার লক্ষ্যে সরকার শিক্ষা ও সামাজিক খাতগুলোর উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে। শিক্ষাক্ষেত্রে গুণগত পরিবর্তন আনার জন্য একটি বিজ্ঞানসম্মত যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে। ২০১৪ সালের মধ্যে বাংলাদেশ নিরক্ষরতামুক্ত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।শেখ হাসিনা স্বাস্থ্য খাতের উন্নয়নে তাঁর সরকারের নেওয়া বিভিন্ন পরিকল্পনা ও সফলতার কথা উল্লেখ করে বলেন, মাতৃমৃত্যু হ্রাসের লক্ষ্যে সরকার মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করেছে। তিনি বলেন, শিশুমৃত্যু ও মাতৃমৃত্যু হ্রাসের জন্য গত বছর বাংলাদেশ জাতিসংঘে এমডিজি পুরস্কার লাভ করেছে।এ কে এম আনওয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউরোপিয়ান স্কুল অব ইউরোলজির প্রেসিডেন্ট নেদারল্যান্ডের প্রফেসর থি ডি রেজকি, এশিয়ান স্কুল অব ইউরোলজির প্রেসিডেন্ট এস ডি গুপ্ত, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজির মহাসচিব এম নূরুল হুদা লেলিন এবং বিএসএমএমইউয়ের ইউরোলজি বিভাগের অধ্যাপক এ এ এম গোলাম কিবরিয়া, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী এ এফ এম রুহুল হক, প্রধানমন্ত্রীর সংস্থাপন-বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম ও স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা মোদাচ্ছের আলী প্রমুখ। দেশ-বিদেশের খ্যাতনামা ইউরোলোজিস্টরা সম্মেলনে যোগ দিয়েছেন। বাসস।