বিএনপির ডাকা হরতালকে কেন্দ্র করে আজ মঙ্গলবার জেলা শহরগুলোয় মিছিলে বাধা, পুলিশের সঙ্গে সংঘর্ষ, ভাঙচুর ও আটকের ঘটনা ঘটেছে। নোয়াখালী, রাজশাহী বিশ্ববিদ্যালয়, সাতক্ষীরা, জয়পুরহাটের পাঁচবিবি, সিরাজগঞ্জের রায়গঞ্জ, দিনাজপুর, রাজবাড়ীর গোয়ালন্দ, বরিশাল, জয়পুরহাটের কালাই, নীলফামারী ও যশোর থেকে ৭৭ জনকে আটক করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পিকেটারদের হামলায় একজন পুলিশ আহত এবং কুষ্টিয়ায় পুলিশের লাঠিপেটায় নয়জন আহত হয়েছেন। আমাদের প্রতিনিধি ও আঞ্চলিক কার্যালয় থেকে পাঠানো খবর:দিনাজপুর: পুলিশি বাধায় মিছিল করতে পারেননি বিএনপির নেতা-কর্মীরা। তবে শহরে বিক্ষিপ্ত ভাঙচুর, ধাওয়া-পাল্টা ও গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হাসান শামীম জানান, হরতালে ভাঙচুর এবং ত্রাস সৃষ্টির অভিযোগে গতকাল সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ২৫ জনকে আটক করা হয়েছে। সকাল সাড়ে নয়টার দিকে সদর উপজেলার শিকদারগঞ্জ বাজারে পিকেটাররা ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মী ইসমাইল হোসেনের মোটরসাইকেল ভাঙচুর করে। এ সময় তাঁরা বাজারে হবিবুর রহমান নামে এক ব্যক্তির চায়ের দোকানও ভাঙচুর করে। কসবা (ব্রাহ্মণবাড়িয়া): সকাল নয়টার দিকে কসবা বাজার-রেলস্টেশন সড়কের থানাসংলগ্ন রাস্তায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা টায়ার পুড়িয়ে যান চলাচল বন্ধ করে দেয়। পুলিশ বাধা দিলে হরতাল সমর্থক পিকেটারদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পিকেটারদের ইটের আঘাতে কসবা থানার উপপরিদর্শক (এসআই) মো. মোকাদ্দছ আহত হন। তাঁকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়েছে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহাম্মাদ হোসেন পুলিশ আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। গোয়ালন্দ (রাজবাড়ী): গোয়ালন্দে আজ সকালে বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ পৌর বিএনপির সাধারণ সম্পাদকসহ তিনজনকে আটক করে। এঁরা হলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম (৪৫), যুবদল কর্মী রমজান মোল্যা (৩৬) ও ছাত্রদল কর্মী শাহিন বেপারী। গোয়ালন্দ ঘাট থানা পুলিশের ওসি এ কে এম আলী নূর হোসেন জানান, মিছিল করে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বর্তমানে থানা হেফাজতে রয়েছে। চুয়াডাঙ্গা: সকাল সাড়ে ১০টার দিকে জেলা বিএনপির সভাপতি অহিদুল ইসলামের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করতে গেলে পুলিশ তাতে বাধা দেয় এবং ব্যানার কেড়ে নেয়। শহরে দোকানপাট বন্ধ রয়েছে। অফিস-আদালতে উপস্থিতি কম ছিল। কুষ্টিয়া: কুষ্টিয়ায় হরতালের সমর্থনে রাস্তায় বের হলে পুলিশ ও স্বেচ্ছাসেবক লীগের লাঠিপেটায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক সাংসদ সোহরাব উদ্দিনসহ আটজন নেতা-কর্মী আহত হয়েছেন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরিশাল: বেলা সাড়ে ১১টার দিকে নগরের পোর্ট রোড এলাকায় মিছিল বের হলে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় সেখান থেকে একজনকে আটক করে পুলিশ। হরতাল সমর্থকেরা ভোর পাঁচটার দিকে নগরের হাসপাতাল রোড এলাকায় একটি গাড়িতে আগুন দেয়। এ ছাড়া নগরের সদর রোড, নথুল্লাবাদ, আবহাওয়া অফিস এলাকায় রাস্তায় গাছ ফেলে ও টায়ারে অগ্নিসংযোগ করে অবরোধ সৃষ্টি করে। কালাই (জয়পুরহাট): দুপুর ১২টার দিকে কালাই উপজেলা বিএনপি ও যুবদলের একাংশের (সাংসদ গোলাম মোস্তফা সমর্থিত অংশ) নেতা-কর্মীরা দলের অস্থায়ী কার্যালয় থেকে হরতালের সমর্থনে মিছিল বের করে। শহর প্রদক্ষিণ শেষে মিছিলটি দলীয় কার্যালয়ের দিকে ফিরছিল। সাড়ে ১২টার দিকে মিছিলটি পৌর আওয়ামী লীগ কার্যালয় অতিক্রম করার সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা সামনের দিক থেকে হরতাল সমর্থকের মিছিলে হামলা করে। এ সময় পুলিশও পেছন দিক থেকে তাদের ওপর লাঠিচার্জ করে। মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশ মিছিল থেকে উপজেলা যুবদলের একাংশের সাধারণ সম্পাদক আবদুস সবুর, যুবদল কর্মী মিজানুর রহমান ও ফারুক হোসেনকে আটক করে। জয়পুরহাটের পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, ‘হরতাল পালনের নামে নাশকতা সৃষ্টির চেষ্টা করায় কালাইয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।’পঞ্চগড়: দুপুরে হরতালের সমর্থনে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলো দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে। মিছিলটি শহরের চৌরঙ্গী মোড়ে এলে পুলিশ তাদের বাধা দেয়। পরে নেতা-কর্মীরা মহাসড়কে অবস্থান নেয় এবং বিক্ষোভ সমাবেশ করে। নীলফামারী: নীলফামারীতে বিএনপির নেতা-কর্মীরা পিকেটিং করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশ শহরের গাছবাড়ী ও স্টেশন এলাকা থেকে তিনজন পিকেটারকে আটক করে। যশোর: শহরের ঘোপ জেল সড়কে পিকেটিংয়ের সময় ১০ থেকে ১২টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। যশোরের সহকারী পুলিশ সুপার (ক সার্কেল) এস এম শফিউল্লাহ জানান, শহর থেকে ১৭ জনকে আটক করা হয়েছে। নোয়াখালী: নোয়াখালীতে টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ, অ্যাম্বুলেন্স ভাঙচুর, হরতালের পক্ষ-বিপক্ষ দলের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশের লাঠিচার্জ ও নেতা-কর্মীদের আটকের মধ্যদিয়ে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়। এ সময় যুবলীগ এবং পুলিশের হামলায় একজন গুলিবিদ্ধসহ আহত অন্তত ২৩ জন আহত হন। পুলিশ বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের ২৯ নেতা-কর্মীকে আটক করে। রায়গঞ্জ (সিরাজগঞ্জ): রায়গঞ্জে আজ হরতালের সমর্থকেরা তিনটি গাড়ি ভাঙচুর করেছেন। এ সময় আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলে। ঢাকা-বগুড়া মহাসড়কে চান্দাইকোনা কলেজ রোডে সকাল ১০টার দিকে হরতালের সমর্থকেরা একটি ট্রাক ও দুইটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে।পাঁচবিবি (জয়পুরহাট): বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্যে দিয়ে উপজেলায় হরতাল পালিত হয়েছে। বিএনপি ও হরতালবিরোধীদের সংঘর্ষে পাঁচবিবি থানা বিএনপির সভাপতি ও শালাইপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল গফুর মণ্ডল আহত হন। পুলিশ আওলাই ইউনিয়ন বিএনপির দুজন কর্মীকে গ্রেপ্তার করে। সাতক্ষীরা: সাতক্ষীরায় আংশিক হরতাল পালিত হয়েছে। কলারোয়ায় হরতালের সমর্থনে মিছিল করার সময় বিএনপির দুই কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে ।রাজশাহী বিশ্ববিদ্যালয়: হরতালের পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে আজ সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের এক প্রহরীসহ উভয় সংগঠনের ছয়জন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা বিশ্ববিদ্যালয়ের চিকিত্সাকেন্দ্রসহ নগরের বিভিন্ন ক্লিনিকে চিকিত্সা নেন। এ ঘটনায় ক্যাম্পাস ও এর পাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হরতালের কারণে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগে ক্লাস-পরীক্ষা হয়নি।