রাজধানীর বারিধারায় বাসচাপায় মা মেয়ে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার রাজপথে ঘাতক বাস কেড়ে নিয়েছে মা-মেয়ের প্রাণ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বেপরোয়া গতির একটি বাস বারিধারার বিশ্ব রোডে জহুরা বেগম (৩৫) ও তাঁর ১০ বছরের মেয়ে আসমা আক্তারকে চাপা দেয়। তাঁরা ঘটনাস্থলে মারা যান। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, আজ সন্ধ্যা ছয়টার দিকে বেপরোয়া গতির সালসাবিল পরিবহনের একটি বাস বিশ্ব রোডে জহুরা বেগম ও তাঁর মেয়ে আসমাকে চাপা দিলে ঘটনাস্থলে তাঁরা মারা যান। এ সময় বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে ভাঙচুর করে এবং চালককে গণধোলাই দেয়। খবর পেয়ে গুলশান পুলিশ চালকসহ বাসটি আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ মা-মেয়ের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনাস্থলে উপস্থিত গুলশান থানার কর্তব্যরত সহকারী উপপরিদর্শক (এএসআই) গোলাম রাব্বানী প্রথম আলোকে জানান, মা-মেয়ে বিশ্ব রোড পার হওয়ার সময় সালসাবিল পরিবহনের একটি বাস তাঁদের চাপা দেয়। বাসটি কুড়িলের দিকে যাচ্ছিল। স্ত্রী-সন্তানের মৃত্যুর খবরে আবু বকর সিদ্দিক গুলশান থানা চত্বরে গিয়ে মূর্ছা যান। জ্ঞান ফিরে আসার পর আবু বকর সিদ্দিক প্রথম আলোকে জানান, ঘটনার সময় তিনি তাঁর ভাঙাড়ি দোকানে ছিলেন। বিকেলে তার স্ত্রী ও সন্তান নয়ানগরের বাসা থেকে বেরিয়ে তাঁদের এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। তিনি বলেন, ‘এখন আমার সব শেষ হয়ে গেছে।’মৃতদের পারিবারিক সূত্র জানায়, জহুরা সপরিবারে বাড্ডার ৩৪৪, নয়ানগরে থাকতেন। আসমা স্থানীয় একটি স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়ত। দুই বোন এক ভাইয়ের মধ্যে আসমা ছোট ছিল। জহুরার গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইলের দিলালপুরে।