রাজধানীর বিভিন্ন থানায় বিএনপির বিক্ষোভ
বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে গুম করা ও ১৮ দলের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মামলা করার প্রতিবাদে গতকাল রোববার রাজধানীর বিভিন্ন থানায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। এসব সমাবেশ থেকে বিএনপির নেতারা অবিলম্বে ইলিয়াস আলীকে ফেরত ও কেন্দ্রীয় নেতাদের মামলা প্রত্যাহারের আহ্বান জানানো হয়। কয়েকটি স্থানে পুলিশ লাঠিপেটা করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। বিএনপি অভিযোগ করেছে, পুলিশের হামলায় দলটির ৩০ জন নেতা-কর্মী আহত হয়েছেন এবং ১০ জন কর্মীকে আটক করা হয়েছে।এর মধ্যে ধানমন্ডি, কলাবাগান ও নিউমার্কেট থানা বিএনপির উদ্যোগে মিরপুর রোডসংলগ্ন ক্যাপিটাল মার্কেটের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি মিছিল বের হয়। সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, সরকার শিষ্টাচারের সব মাত্রা অতিক্রম করেছে। এখনো সময় আছে কৃতকর্মের জন্য সরকারকে তওবা পড়তে হবে নতুবা চরম মূল্য দিতে হবে। গেন্ডারিয়া থানা বিএনপির একটি মিছিল লোহারপুলের কাছে এসে পৌঁছালে পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এতে ১০ জন আহত হয়েছে বলে দলটি দাবি করে। মতিঝিল, ডেমরা, যাত্রাবাড়ী ও শ্যামপুর থানা বিএনপির মিছিলেও পুলিশ লাঠিপেটা করে। এতে কয়েকজন সামান্য আহত হয়। মিছিল থেকে বিএনপির ১০ নেতা-কর্মীকে আটক করে পুলিশ। এ ছাড়া শাহবাগ, আদাবর, চকবাজার, বাড্ডা, পল্লবী, কাফরুল, খিলগাঁও, মোহাম্মদপুর, কোতোয়ালি, রমনা, দারুস সালাম থানা বিএনপির উদ্যোগে নিজ নিজ এলাকায় পৃথক মিছিল ও সমাবেশ হয়েছে।