রাজধানীর বিভিন্ন স্থানে ১২টি ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিল, শাহবাগ, প্রেসক্লাবসহ বেশ কয়েকটি এলাকায় আজ রোববার সকাল থেকে অন্তত ১২টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে জনমনে আতঙ্ক ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ জানায়, রাজধানীর মতিঝিল, পিজি হাসপাতালের সামনে, পরিবাগ, নটর ডেম কলেজের সামনে, বিএনপি কার্যালয়ের সামনে ও সায়েদাবাদে অন্তত ১২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, আজ সকালে মতিঝিলে ককটেল বিস্ফোরণে আরিফুজ্জামান নামে একজনের মৃত্যু হয়েছে। বেলা ১১টার দিকে শাহবাগে পিজি হাসপাতালের সামনে একটি, রূপসী বাংলা হোটেলের সামনে একটি এবং এর একটু দূরে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। দুপুর ১২টার দিকে কে বা কারা নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পাঁচটি ককটেল নিক্ষেপ করে। বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি ও এটিএন বাংলার গাড়িতে ককটেল পড়ে। এতে আরটিভির গাড়ির চালক আইয়ুব আলী আহত হন। বেলা পৌনে দুইটার দিকে প্রেসক্লাবের উল্টো দিকে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সামনে কে বা কারা পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত আনসারের ইনচার্জ আবু বকর প্রথম আলোকে বলেন, বেলা ১১টার দিকে শাহবাগে পিজি হাসপাতালের সামনে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তাঁরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছেন।ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (সদর দপ্তর) হাবিবুর রহমান বলেন, রাজধানীর এসব এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে কতটি ককটেল বিস্ফোরণ হয়েছে, সে সংখ্যা তিনি জানাননি। তিনি বলেন, পল্টন, প্রেসক্লাব এলাকায় জামায়াতের কর্মীরা সক্রিয় ছিলেন। অন্যান্য এলাকায় বিএনপির কর্মীরা সক্রিয় থেকে এসব সহিংস ঘটনা ঘটায়।