রাজধানীর বৈশাখী আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ উৎসবের দিন। ধর্ম-বর্ণনির্বিশেষ সবার উৎসব। বাঙালির নববর্ষ। ভোর থেকেই ঢাকায় নগরবাসী সেজেগুজে ঘরের বাঁধন ছেড়ে পথে নেমে পড়েছেন প্রাণের টানে। শুধু ঢাকায়ই নয়, এ বছর সারা দেশেই সাড়ম্বরে পালিত হচ্ছে বৈশাখী উৎসব সরকারি পৃষ্ঠপোষকতায় নানা কর্মসূচির মধ্য দিয়ে।ঢাকায় বৈশাখী উৎসবের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সূচনা হয়েছিল মূলত ছায়ানটের আয়োজনে প্রভাতি সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে। ছায়ানটের এবারের অনুষ্ঠান সাজানো হয়েছে তিনটি পর্বে। প্রথম পর্বে থাকবে ভোরের রাগাশ্রয়ী গান, দ্বিতীয় পর্বে স্বদেশ পর্যায়ের গান ও শেষ পর্বে লোকসুরের গান। এ ছাড়া থাকবে আবৃত্তি। অনুষ্ঠান শুরু হবে ভোর ছয়টা ১৫ মিনিটে অসিত বিশ্বাসের এস্রাজ বাদনের মধ্য দিয়ে। এরপর সম্মিলিত কণ্ঠে রবীন্দ্রনাথের গান ‘প্রভাত বিমল আনন্দে’। সব মিলিয়ে ৩০টির বেশি গান থাকবে। অনুষ্ঠানে অংশ নেবেন শতাধিক শিল্পী।পয়লা বৈশাখের প্রভাতি অনুষ্ঠানগুলোর মধ্যে আরও একটি উল্লেখযোগ্য আয়োজন শিশু একাডেমীর সামনের নারকেলবীথির সামনে গণসংগীতের আসর। ঋষিজ শিল্পী গোষ্ঠীর এ আয়োজনের এবার ২৮ বছর পূর্ণ হচ্ছে। রমনার বটমূলে ছায়ানটের অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই এখানে গান শুরু হয়। এবারও সেই আগের নিয়ম। ‘জাগো নব আনন্দে’ নামে এ অনুষ্ঠান শুরু হবে সকাল সাড়ে সাতটায়। ঋষিজের শিল্পীরা সমবেত কণ্ঠে পরিবেশন করবেন ‘এসো হে বৈশাখ’ ও ‘তোরা সব জয়ধ্বনি কর’।এসব গানের আসারের মধ্যেই চারুকলা অনুষদ থেকে বেরিয়ে যাবে বৈশাখের অন্যতম প্রধান আকর্ষণ বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। এবার মঙ্গল শোভাযাত্রায় থাকবে বিশাল আকারের ময়ূরপঙ্খি নৌকা, হাতি ও ঘোড়ার প্রতিকৃতি। এ ছাড়া থাকবে হাজারখানেক মুখোশ। চারুকালার তিন দিনের উৎসব অবশ্য শুরু হয়ে গেছে গতকাল মঙ্গলবার চৈত্রসংক্রান্তির সন্ধ্যা থেকেই। বকুলতলায় লোকগানের আসরের মধ্য দিয়ে শুরু হয়েছে উৎসব। আজও বিকেলে বকুলতলায় থাকবে জমজমাট লোকগানের আসর। ছাত্রছাত্রীদের পরিবেশনায় আগামীকাল হবে যাত্রাপালা তাজমহল।ধানমন্ডির রবীন্দ্রসরোবরে হচ্ছে এবার সাম্মিলিত সাংস্কৃতিক জোটের বৈশাখী উৎসবের আয়োজন। তাদের দুই দিনের উৎসব শুরু হয়েছে বিগত বছরের শেষ সূর্যাস্তের পর ঐতিহ্যবাহী দেশি বাদ্যযন্ত্রের সম্মিলিত বাদনের মধ্য দিয়ে। আজ সকালে জোটের আলাদা কোনো অনুষ্ঠান নেই। তাঁরা অংশ নেবেন চারুকলার মঙ্গল শোভাযাত্রায়। ‘এসো এসো নতুন বছর মঙ্গল প্রদীপ জ্বেলে’—শিশুদের পরিবেশিত সমবেত গানের মধ্য দিয়ে বিকেল পাঁচটা থেকে আবার রবীন্দ্রসরোবরে শুরু হবে লোকসাংস্কৃতিক অনুষ্ঠান। এবারের অনুষ্ঠানের বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যন্ত অঞ্চল থেকে আমন্ত্রিত শিল্পীদের বৈচিত্র্যময় পরিবেশনা। এতে থাকবে লাঠিখেলা, পালাগান, গম্ভীরা, আলকাপগান ইত্যাদি। এ ছাড়া অন্যান্য অনুষ্ঠানের মধ্যে চ্যানেল আই এবার তাদের তেজগাঁও কার্যালয়ে দিনভর আয়োজন করছে বৈশাখী উৎসব। বিকেলে টিএসসিতে আছে আবৃত্তি। এ ছাড়া পুরান ঢাকার লালকুঠিতে সকাল থেকে দিনভর অনুষ্ঠান হবে ফরাশগঞ্জ ক্লাবের আয়োজনে।এবার সরকারি উদ্যোগে জাতীয় পর্যায়ে দেশব্যাপী পালিত হচ্ছে বৈশাখী উৎসব। ঢাকায় তিন দিনব্যাপী সরকারি অনুষ্ঠানমালা আয়োজন করছে শিল্পকলা একাডেমী। এ ছাড়া শিশু একাডেমী, বাংলা একাডেমী ও সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনও বৈশাখী মেলাসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। সরকারি ছুটি হলেও আজ সব জাদুঘর ও প্রত্নস্থান দর্শনার্থীদের জন্য খোলা রাখা হবে।