রাজধানীর মতিঝিলে বাসের চাপায় কর্মকর্তা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে আজ শনিবার সকালে বাসের চাপায় শহীদুল হক (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি মতিঝিলে বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ভবনে একটি বেসরকারি প্রতিষ্ঠানের হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন।পুলিশ জানায়, শহীদুল হকের বাড়ি পটুয়াখালীর বাউফলে। তিনি পরিবার নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লায় থাকতেন। তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা। তিন বছর আগে তিনি অবসরে যান।মতিঝিল থানা সূত্র জানায়, আজ সকাল সাড়ে সাতটার দিকে শাপলা চত্বর দিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন শহীদুল হক। এ সময় একটি বাস তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে তাঁর লাশ শনাক্ত করেন।মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসের চালক পালিয়ে গেছেন।