রাজধানীর মালিবাগে বন্দুকযুদ্ধে যুবক নিহত
রাজধানীর মালিবাগে আউটার সার্কুলার রোডে আজ শুক্রবার ভোররাতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে।র্যাবের দাবি, নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে পুলিশ বলেছে, নিহতের নাম হুন্ডা বাবু।র্যাব-৩-এর ভাষ্য অনুযায়ী, আজ ভোররাত চারটার দিকে তাদের একটি দল আউটার সার্কুলার রোডে নিরাপত্তা চৌকি বসিয়ে যানবাহনে তল্লাশি চালায়। এ সময় একটি মোটরসাইকেল দ্রুতগতিতে নিরাপত্তা চৌকি অতিক্রম করছিল। র্যাব মোটরসাইকেলটি থামানোর সংকেত দিলে এর পেছনে থাকা এক দুর্বৃত্ত র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালালে পেছনে থাকা ওই দুর্বৃত্ত গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যায়। মোটরসাইকেলে থাকা অপরজন পালিয়ে যায়। আহত ওই দুর্বৃত্তকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন জানান, পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে।