রাজধানীর মোহাম্মদপুরে ছেলের হাতে বাবা খুন
রাজধানীর মোহাম্মদপুরে আজ রোববার সকালে সাড়ে ১০ টার দিকে ছেলের হাতে বাবা খুন হয়েছেন। নিহত বাবার নাম এম এ করিম (৭৬)। তাঁর বাসা মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে । তেঁজগাও থানার পুলিশের উপ কমিশনার চৌধুরী মঞ্জুরুল কবির বলেছেন, ছেলে আসাদুল করিমকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত এম এ করিমের বড় ছেলে জিয়াউল করিম সাংবাদিকদের বলেছেন, আজ সকালে তাঁর ছোট ভাই আসাদুল করিম বাবার কাছে টাকা চায়। বাবা এম এ করিম টাকা দিতে রাজী হননি। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে আসাদুল করিম কাঁচের বোতল ভেঙে বাবার পেটে ঢুকিয়ে দেয়। রক্তাত্ত অবস্থায় তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয় । কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নিহতের বড় ছেলে জিয়াউল করিম সাংবাদিকদের আরো জানান, তাঁর ছোট ভাই আসাদুল করিম মাদকাসক্ত। ১০ বছর আগে সে মধ্যপ্রাচ্য থেকে দেশে ফেরে। দেশে ফেরার পর আসাদুল করিম আর্থিক অনটনের মধ্যে ছিলেন। মাঝেমধ্যেই তিনি বাবার কাছে টাকা চাইতেন।