রাজধানীর যাত্রাবাড়ীতে অজ্ঞাত নারীকে ধর্ষণের পর হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীর একটি সেলুনের ভেতর থেকে আজ রোববার সকালে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তাঁকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়েছে।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, আজ সকাল সাড়ে নয়টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ীর ১০১ শহীদ ফারুক সড়কের সিঙ্গাপুর সেলুনের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ২৭ থেকে ৩০-এর মধ্যে। ওসি জানান, সেলুনের ভেতরে সুশীল ও মিলন নামের দুই কর্মচারী রাতে ঘুমাত। তাঁদের কাউকেই পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, গতকাল রাতে তাঁরা ওই নারীকে ধর্ষণ করে খুন করেছেন। ওসি জানান, আজ সকালে আকরাম নামের অপর এক কর্মচারী কাজে গিয়ে দেখেন সেলুনের সাটার সামান্য খোলা। ভেতরে উঁকি দিয়ে লাশ দেখতে পেয়ে তিনি মালিক লিটন সাহাকে খবর দেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। এখন আকরাম ও মালিক লিটন কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না।পুলিশ জানায়, নিহতের গলা ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছে। ধর্ষণের আলামতও পাওয়া গেছে।