রাজধানীর রামপুরায় বাড়ির সবাইকে অজ্ঞান করে গৃহকর্মীর চুরি
রাজধানীর পশ্চিম রামপুরার ওয়াপদা রোডের একটি বাড়ি থেকে আজ মঙ্গলবার ভোরে গৃহকর্মী রুমা আক্তার ওরফে রুমা সাত ভরি সোনা, এক লাখ টাকা ও জামাকাপড় চুরি করে পালিয়ে গেছেন।গতকাল সোমবার রাতে খাবারের সঙ্গে চেতনানাশক দ্রব্য মিশিয়ে রুমা বাড়ির সবাইকে অজ্ঞান করার পর পালিয়ে গেছেন। বাড়ির মালিক সোনালী ব্যাংকের সেগুনবাগিচা শাখার হিসাব শাখার কর্মকর্তা হারুনুর রশিদ (৪৫) আজ বিকেলে জ্ঞান ফেরার পর হাসপাতালে সাংবাদিকদের এ কথা জানান। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।বাড়ির মালিক হারুনুর রশিদ বলেন, পশ্চিম রামপুরার ওয়াপদা রোডের ৪১ নম্বর বাসায় তিনি ও তাঁর দুই ভাগ্নে জিরন (২০) ও নাইমউদ্দিন (১৮) ছিলেন। তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী আদ-দ্বীন হাসপাতালে ভর্তি আছেন। ২০ দিন আগে রুমা তাঁর বাড়িতে কাজ নেন। গতকাল রাতের খাবারের পরে তাঁরা সবাই অজ্ঞান হয়ে পড়েন। আজ ভোররাতে সেহরির সময় পাশের বাড়ির লোকজন তাঁদের ডাকতে আসেন। তাঁরা বাড়ির দরজা খোলা দেখতে পান। পরে তাঁদের অজ্ঞান অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি।