রাজধানীর শেওড়াপাড়ায় শেকলবাঁধা ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পশ্চিম শেওড়াপাড়া এলাকার একটি ফ্ল্যাট থেকে হাত-পায়ে শেকলবাঁধা অবস্থায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে শেরেবাংলা নগর থানার পুলিশ লাশটি উদ্ধার করে। তবে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।পুলিশের ধারণা, পূর্বপরিকল্পনা অনুযায়ী ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক জানান, স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে পুলিশ গতকাল রাত ১২টার দিকে পশ্চিম শেওড়াপাড়ার শামীম সরণির ১৪৯/এ নম্বর বাড়ি নর্দার্ন নিরালয় অ্যাপার্টমেন্টের চতুর্থ তলায় যায়। এ সময় ফ্ল্যাটটি বাইরে থেকে তালা লাগানো ছিল এবং দুর্গন্ধ বের হচ্ছিল। পুলিশ ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে ঢোকে। ভেতরে ঢোকার পর মেঝেতে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশ। তাঁর মুখে স্কচ টেপ লাগানো এবং হাত-পা শেকল দিয়ে বাঁধা।এসআই আরও জানান, এই ফ্ল্যাটের মালিক কলাবাগানে থাকেন। এ মাসের প্রথম সপ্তাহে মাসুদ পরিচয় দিয়ে এক ব্যক্তি বাড়ির কেয়ারটেকার আতিকুল ইসলামের কাছ থেকে ফ্ল্যাটটি ভাড়া নেন। সে সময় মাসুদ কেয়ারটেকারকে জানান, কানাডা থেকে তাঁর বোন-দুলাভাই এসে এই ফ্ল্যাটে থাকবেন। এ মাসের ১৯ ডিসেম্বর মাসুদ ফ্ল্যাটে ওঠেন। পাঁচ দিন ধরে ওই ফ্ল্যাটটি তালাবদ্ধ ছিল। পরে দুর্গন্ধ বের হলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। এ ব্যাপারে পুলিশ মামলা করেছে।