রাজধানীর শ্যামপুরে আইনজীবীর লাশ উদ্ধার
রাজধানীর শ্যামপুরে ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের পাশ থেকে গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশ আবদুল্লাহ আল ফারুক (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। লাশটির পরিচয় প্রথমে অজ্ঞাত থাকলেও, হাসপাতালে নিহতের স্বজনেরা আজ মঙ্গলবার সেটি আবদুল্লাহ আল ফারুকের লাশ হিসেবে শনাক্ত করে।ফারুক মুন্সীগঞ্জ ও ঢাকা জজ কোর্টের আইনজীবী ছিলেন। তিনি শ্যামপুরের পান্থশালা আবাসিক এলাকার ১৬৯/২ নম্বর মৃধা হাউসে থাকতেন। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান জানান, গতকাল আহত অবস্থায় ফারুক শ্যামপুরের মদিনা ক্লিনিকে ভর্তি হন। পরে ওই ক্লিনিকের চিকিত্সকেরা তাঁকে একটি ভ্যানে করে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে পাঠান। কিন্তু ভ্যানচালক তাঁকে রেললাইনের পাশে ফেলে চলে যায়। মাসুদ জানান, সোমবার রাতে ওই এলাকায় দায়িত্ব পালনকালে অজ্ঞাত পরিচয় হিসেবে তাঁর লাশ উদ্ধার করেন।