রাজধানীর সঙ্গে দক্ষিণবঙ্গের বাস চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর হয়ে দেশের দক্ষিণবঙ্গে আবারও বাস চলাচল শুরু হয়েছে।আজ সোমবার সন্ধ্যায় কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতে বাস চলাচল শুরু হয়। ফরিদপুরে শ্রমিক ইউনিয়নের নামে চাঁদা আদায়ের প্রতিবাদে গত রোববার রাতে বাস চলাচল বন্ধ করে দেন বাসমালিকেরা।হঠাত্ করে ঘোষণা ছাড়াই বাস বন্ধ করে দেওয়ায় যাত্রীরা দুর্ভোগে পড়ে। অনেক যাত্রীকে যাত্রা বাতিল করে বাড়ি ফিরে যেতে দেখা গেছে। অনেককে লোকাল বাসেও গন্তব্যে যেতে দেখা গেছে।বাসমালিকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, গাবতলী থেকে ফরিদপুর হয়ে ২১টি জেলায় প্রায় ২০০ বাস চলাচল করে।গাবতলীভিত্তিক বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এস এ আলী খবীর প্রথম আলোকে জানান, ফরিদপুর জেলা প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতে আজ রাত থেকেই বাস চলাচল শুরু হয়েছে।ফরিদপুর হয়ে চলাচলকারী দ্রুতি পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) যোবায়ের নঈম জানান, চাঁদাবাজেরা বাসশ্রমিকদের মারধোর করায় বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল।অভিযোগ পাওয়া গেছে, ফরিদপুরের ওপর দিয়ে চলাচলকারী আন্তজেলা বাসগুলো থেকে দুটি শ্রমিক ইউনিয়নের নামে আকস্মিকভাবে ২০ টাকা করে চাঁদা আদায় করলে মালিকেরা ক্ষিপ্ত হয়ে বাস চলাচল বন্ধ করে দেন। শ্রমিক সংগঠন দুটি হচ্ছে ফরিদপুর মোটরস ওয়ার্কার্স ইউনিয়ন ও আন্তজেলা শ্রমিক ইউনিয়ন।ফরিদপুর জেলা পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক এস এম শাহ্ আলম আজ দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জানান, ১ আগস্ট থেকে সাধারণ শ্রমিকদের কল্যাণে ১০ টাকা থেকে ২০ টাকা করে নেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘এ সিদ্ধান্ত নিয়ে আমরা কোনো অন্যায় করিনি।’ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি জোবায়ের জাকির জানান, চাঁদাসম্পর্কিত সমস্যা সমাধানে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরি সভাপতি ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান আগামী বৃহস্পতিবার মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করবেন বলে ঠিক করেছিলেন। কিন্তু বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন আকস্মিকভাবে ধর্মঘট ডেকে যাত্রীদেরকে দুর্ভোগের মুখে ঠেলে দিয়েছে।ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ প্রথম আলোকে জানান, দুটি শ্রমিক ইউনিয়ন কারও সঙ্গে আলোচনা না করে চাঁদা আদায় শুরু করলে সংকটের সৃষ্টি হয়। গত রোববার থেকেই এ টাকা তোলা বন্ধ করে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।