রাজধানীর সদরঘাট-গুলিস্তান সড়কে বাস ধর্মঘট
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বাসের চালককে মারধর করার প্রতিবাদে বাসশ্রমিকেরা পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন। এখনো এই ধর্মঘট চলছে।আজ রোববার বেলা একটা থেকে সদরঘাট-গুলিস্তান সড়কে পরিবহন শ্রমিকেরা এই ধর্মঘটের ডাক দেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বেলা ১১টায় বাসের ভাড়া নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রের সঙ্গে পরিবহন শ্রমিকদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ছাত্ররা বিশ্ববিদ্যালয় থেকে সংঘবদ্ধ হয়ে সুপ্রভাত পরিবহনের চালককে মারধর করেন। পরে দুপুরে এর প্রতিবাদে পরিবহন শ্রমিকেরা সদরঘাট-গুলিস্তান সড়কে পরিবহন ধর্মঘট শুরু করেন।প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের তিনটি বাস রাস্তায় বের হলে গুলিস্তানের ফুলবাড়িয়া এলাকায় পরিবহন শ্রমিকেরা বাস তিনটি আটকে রাখেন।পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন শ্রমিকদের সঙ্গে কথা বলে বাস তিনটি ক্যাম্পাসে ফিরিয়ে আনেন। এতে বিক্ষুব্ধ ছাত্ররা ভিক্টোরিয়া পার্ক এলাকায় রাস্তায় থাকা ৮-১০টি বাস ভাঙচুর করেন।এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ ও প্রক্টর কাজী আসাদুজ্জামান ছাত্রদের শান্ত করার চেষ্টা করেন।