রাজধানীর সব থানায় সচেতনতামূলক সভা করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে অবহেলাকেও কিছুটা দায়ী করা হয়েছে। কর্মকর্তাদের সতর্ক হওয়ার নির্দেশ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, গাফিলতি বা দায়িত্বহীনতার অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জনপ্রতিনিধি, সুশীলসমাজের প্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে প্রতি সপ্তাহে জনসচেতনতামূলক সভা করতে থানার কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে। পাশাপাশি এ পর্যন্ত যতগুলো হত্যা, ক্রসফায়ার ও সহিংসতার ঘটনা ঘটেছে, তার কারণ অনুসন্ধান করে অপরাধীদের গ্রেপ্তার ও প্রয়োজনে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির জরুরি সভায় এসব নির্দেশনা দেওয়া হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানেরা উপস্থিত ছিলেন।পরিস্থিতি পর্যালোচনায় ২৩ জানুয়ারি আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রী পর্যায়ের কমিটির বৈঠক ডাকা হয়েছে।সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সংযুক্ত আরব-আমিরাতের উদ্দেশে যাত্রার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মন্ত্রণালয়কে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আরও গতিশীল হওয়ার নির্দেশ দেন।এর আগে শনিবার মহানগর পুলিশ কমিশনার রাজধানীর ৪১ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও আটটি ক্রাইম জোনের ডিসিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে অপরাধীদের গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে যেসব সুপারিশ করা হয়, গতকালের সভায় সেগুলোও অবহিত করা হয়।বৈঠক প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন প্রথম আলোকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বয় করে আরও দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে মন্ত্রী বলেন, এসব ব্যাপারে কোনো অভিযোগ এলে অবশ্যই তা তদন্ত করা হবে। বিগত দিনে যেসব অভিযোগ পাওয়া গেছে, তা তদন্ত হচ্ছে এবং সে অনুয়ারী বিচার হবে। মন্ত্রী বলেন, ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হত্যাকাণ্ড, ইন্দিরা রোডে মা-ছেলে হত্যাকাণ্ড, ঢাকেশ্বরী মন্দিরে চুরি ও সাংসদ দীপ্তির বাসায় ডাকাতিসহ অন্যান্য ঘটনার তদন্তে অগ্রগতি হয়েছে।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের প্রতি কঠোর নির্দেশ দিয়ে বলা হয়েছে, পুলিশের সব মেধা প্রয়োগ করে অপরাধীদের গ্রেপ্তার করতে হবে। পরিস্থিতি আগের চেয়ে কিছুটা অবনতি হয়েছে বলেই এ জরুরি বৈঠক ডাকা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব প্রধানকে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থানায় থানায় যেন কর্মকর্তারা বৈঠক করেন। এ ছাড়া ছিনতাইকারী, ডাকাত ও সন্ত্রাসী তালিকায় থানায় যাদের বিষয়ে অভিযোগ রয়েছে, তারা এখন কে কোথায় রয়েছে তাও খুঁজে বের করতে বলা হয়েছে।থানাওয়ারি সভা: প্রত্যেক থানার পুলিশ কর্মকর্তারা সপ্তাহে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বৈঠক করবেন এবং এ প্রতিবেদন মহানগর কমিশনার কার্যালয়ে জমা দেবেন। এ ক্ষেত্রে এলাকার গণ্যমান্য ব্যক্তি যে সুপারিশ দেবেন, তা আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া এলাকার যেকোনো অপ্রীতিকর ঘটনার জন্য পুলিশ কর্মকর্তাকে জবাবদিহি করতে হবে।মূর্তি চুরি: ঢাকেশ্বরী মন্দির থেকে মূর্তি চুরির বিষয়ে ইতিমধ্যে একজন অপরাধীকে শনাক্ত করা হয়েছে বলে বৈঠককে অবহিত করা হয়। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দ্রুত অপরাধীদের খুঁজে বের করে মূর্তি উদ্ধারের নির্দেশ দেন। সীমান্তে কিশোরী নিহত: বিএসএফের হাতে কুড়িগ্রাম সীমান্তে নিহত বাংলাদেশি কিশোরী ফেলানীর বিষয়ে বাংলাদেশ-ভারতের স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে প্রতিবাদ জানানো হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। ১৯ ও ২০ জানুয়ারি ঢাকায় এ বৈঠক হবে।