রাজধানীর সীমানা গাজীপুর পর্যন্ত বাড়ানো হবে: সংসদে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজধানী ঢাকার সীমানা গাজীপুর পর্যন্ত বাড়ানো হবে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় এক হাজার ৫২৮ বর্গ কিলোমিটার এলাকাব্যাপী ঢাকা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যান প্রণয়ন করা হয়েছে। এ পরিকল্পনার অংশ হিসেবে উত্তরে গাজীপুর, দক্ষিণে ধলেশ্বরী নদী, পশ্চিমে বংশী ও ধলেশ্বরী নদী এবং পূর্বে শীতলক্ষ্যা ও মেঘনা নদী পর্যন্ত বিস্তৃত এলাকাকে রাখা হয়েছে।আজ বুধবার জাতীয় সংসদে অ্যাডভোকেট রহমত আলীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। সংসদে চলতি অধিবেশনে এটিই প্রধানমন্ত্রীর প্রথম প্রশ্নোত্তর পর্ব। সংসদ অধিবেশনে প্রতি বুধবার প্রধানমন্ত্রী সরাসরি সাংসদদের প্রশ্নের জবাব দেন।আজ বিকেল তিনটায় সংসদের অধিবেশন শুরু হয়েছে। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সভার শুরুতেই প্রধানমন্ত্রী সাংসদদের প্রশ্নের জবাব দেওয়া শুরু করেন।আজকের অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব শেষে একটি জাতীয় পরিচয়পত্র নিবন্ধন বিল-২০১০ সংসদে পাসের জন্য রাখা হয়েছে। এরপর রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা শুরু হবে।৪ জানুয়ারি সংসদের শীতকালীন এ অধিবেশন শুরু হয়।