রাজধানীর হাইকার খাল দখলমুক্ত করতে হাইকোর্টের নির্দেশ
রাজধানীর মোহাম্মদপুর-সংলগ্ন হাইকার খালে মাটি ভরাট, দখল ও নির্মাণকাজ সাত দিনের মধ্যে বন্ধ করতে হাইকোর্ট নির্দেশ দিয়েছেন। ঢাকার জেলা প্রশাসক, পুলিশ কমিশনার ও মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেন। জনস্বার্থে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে সুপ্রিম কোর্টের তিনজন আইনজীবী রিটটি দায়ের করেছিলেন।আদালত এ বিষয়ে রুল জারি করেন এবং অন্তর্বর্তীকালীন আদেশ দেন। আদালত দুই মাসের মধ্যে খালটির জরিপ ও সীমানা নির্ধারণ করে প্রতিবেদন দাখিল করার জন্য ভূমি জরিপ অধিদপ্তরের মহাপরিচালক, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকার জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন। রুলে তুরাগ ও বুড়িগঙ্গার সঙ্গে সংযুক্ত খালটি সংরক্ষণ ও পূর্ব অবস্থায় ফিরিয়ে আনতে কেন নির্দেশ দেওয়া হবে না—তা জানতে চাওয়া হয়েছে। তিন সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব, ঢাকার মেয়র, ঢাকার জেলা প্রশাসক, ভূমি জরিপ অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকার পুলিশ কমিশনার, ওয়াসার এমডিসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ এবং সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন আদালতে উপস্থিত ছিলেন।