রাজধানীর হোটেল থেকে পুলিশসহ দুজনের লাশ উদ্ধার
রাজধানীর আশকোনার একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ কনস্টেবলসহ দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।আজ মঙ্গলবার সন্ধ্যায় হোটেল কক্ষের দরজা ভেঙে পুলিশ লাশ দুটি উদ্ধার করে। পুলিশের দাবি, ওই পুলিশ কনস্টেবলকে হত্যার পর অপরজন ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।নিহত ব্যক্তিরা হলেন পুলিশ কনস্টেবল আবদুর রহমান এবং তেল পাম্পের কর্মচারী মো. শহীদুল। কনস্টেবল আবদুর রহমান পুলিশের দাঙ্গা দমন বিভাগে (পিওএম) কর্মরত ছিলেন। তাঁর বাড়ি নরসিংদীর শিবপুরে। তিনি ২৬ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত তিন দিনের নৈমিত্তিক ছুটি (সিএল) ভোগ করছিলেন। আর শহীদুলের বাড়ি দিনাজপুরের চিরিরবন্দরে।দক্ষিণখান থানার পুলিশ জানিয়েছে, হোটেল কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সোমবার আবদুর রহমান ও শহীদুল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উল্টো দিকে হোটেল শুভ ইন্টারন্যাশনালের ৬০৮ নম্বর কক্ষটি ভাড়া নেন। দিনভর তাঁদের আর কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। এরপর হোটেল কর্মচারীরা পুলিশকে খবর দিলে পুলিশ কক্ষ থেকে লাশ দুটি উদ্ধার করে।পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার নিশারুল আরিফ প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে মনে হয়েছে, শহীদুল কনস্টেবল রহমানকে হত্যা করে পরে নিজেও ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ওই কক্ষ থেকে একটি ছুরি, হাতুড়ি ও কিছু বিষ উদ্ধার করা হয়েছে। কনস্টেবল রহমানের শরীরে ছুরিকাঘাত ও অন্য আঘাতের চিহ্ন রয়েছে। আর শহীদের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মনে করা হচ্ছে, ফাঁস দেওয়ার আগে তিনি বিষও পান করেছিলেন। তবে কী কারণে এ ঘটনা ঘটল, তা জানা যায়নি।উপকমিশনার আরও বলেন, ধরন দেখে মনে হয়েছে, কনস্টেবল রহমানকে পরিকল্পিতভাবেই খুন করা হয়েছে। ঘরের দরজার লক ও নিচের সিটকানি দুটিই আটকানো ছিল। ছয়তলায় এ কক্ষটিতে ঢোকার আর কোনো পথ ছিল না। পুলিশ গিয়ে দরজা ভেঙে লাশ দুটি উদ্ধার করে।