রাজধানীর হোটেলে নারীর রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে বনানীর ৮০/১ নিউ এয়ারপোর্ট রোডের পাশে লর্ডস ইন নামে আবাসিক হোটেল থেকে আজ সোমবার সকাল ছয়টার দিকে সীমা আক্তার (২০) নামের এক নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করে ওই হোটেলের চার কর্মী। তাঁরা সীমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওই চার কর্মী হলেন নূরুজ্জামান, শহীদ, নান্নু ও আবু তাহের ওরফে ইউনুস।হোটেল কর্মীরা জানান, সীমা অনেক দিন ধরেই হোটেলে থাকতেন। তাঁর বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার বড়কান্দায়। বাবার নাম জয়নাল আবেদীন।হাসপাতাল সূত্রে জানা যায়, সীমাকে মৃত ঘোষণা করার পরপরই ওই চারজন পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় হাসপাতালের পাশে থাকা পুলিশ ক্যাম্পের সদস্যরা আবু তাহের ও শহীদকে আটক করে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেন। তবে অন্য দুজন পালিয়ে যান।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, ওই দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলেই এর রহস্য বের করা যাবে। ট্রাফিক কনস্টেবল আহত: আজ ভোর পাঁচটার দিকে ডিউটি শেষে বাসায় ফেরার পথে ট্রাফিক কনস্টেবল আবদুল করিম মুন্সিকে (৩০) দক্ষিণ থানার আশকোনা রোডে পাঁচ-ছয় ছিনতাইকারী গতিরোধ করে। ছিনতাইকারীরা আবদুল করিমকে চাপাতি দিয়ে কুপিয়ে ছয় হাজার টাকা ও সঙ্গে থাকা মোবাইল ফোনসেটটি নিয়ে যায়। আহত আবদুল করিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করা হয়।