রাজধানীর ১৪টি খাল উদ্ধারে নৌ মন্ত্রণালয়ের অভিযান
রাজধানীর ১৪টি খাল উদ্ধারে শিগগিরই পরিদর্শনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। এ খালগুলো হলো কাটাসুর খাল, বেগুনবাড়ী খাল, খিলগাঁও বাসাবো খাল, শাহাজাদপুর খাল, সুতিভোলা খাল, আবদুল্লাহপুর খাল, মহাখালী খাল, দ্বিগুণ খাল, বাউনিয়া খাল ও কল্যাণপুরের পাঁচটি খাল।নদীর নাব্যতা ও গতিপ্রবাহ স্বাভাবিক রাখতে আজ রোববার সকালে বিভিন্ন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি।মন্ত্রী বলেন, ওয়াসা ঢাকার ২৬টি খালের একটি তালিকা দিয়েছে। যার অধিকাংশ বিভিন্ন ব্যক্তির দখলে রয়েছে। এর মধ্য থেকে ১৪টি সমস্যামুক্ত এবং বাকিগুলো সমস্যাযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। বৈঠকে সমস্যামুক্ত খালগুলো উদ্ধারে শিগগিরই একটি কমিটি গঠন করে পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে ঢাকা সিটি করপোরেশন, ওয়াসা, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এরপর মন্ত্রী সেখানে বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।বৈঠক শেষে শাজাহান খান বলেন, নদী দখলমুক্ত করতে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, তার একটি প্রামাণ্য চিত্র তৈরি করে বিভিন্ন প্রচারমাধ্যমে প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আজ রোববারের বৈঠকে পলি জমে বন্ধ থাকা মাওয়া-কাওড়াকান্দি চ্যানেল চালুর ব্যাপারেও আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী। নৌপরিবহনসচিব আবদুল মান্নান হাওলাদার জানিয়েছেন, দুই দিনের মধ্যে সেখানে ড্রেজার চলে যাবে। ড্রেজিং শেষে সপ্তাহখানেকের মধ্যে চ্যানেলটি পুনরায় চালু করা হবে।ওই বৈঠকে নৌপরিবহনমন্ত্রী, নৌপরিবহনসচিব, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আলাউদ্দিন, ওয়াসার অতিরিক্ত মহাপরিচালক মো. আবদুস সোবহান, উপব্যবস্থাপক মো. মাহবুবুর রহমান, ডিসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ কুদরত-ই খোদা ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।