রাজধানীর ২১ শতাংশ জায়গা থাকবে জলাশয়-জলাভূমি
ঢাকা মহানগরের বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) বাস্তবায়নে সরকারের গঠিত পর্যালোচনা কমিটি যে সুপারিশ করেছিল, তা হুবহু অনুমোদন করে গেজেট প্রকাশ করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রণালয়ের পরিকল্পনা শাখা থেকে এই গেজেট প্রকাশ করা হয়।এর ফলে পর্যালোচনা কমিটির সুপারিশ অনুযায়ী ৫৯০ বর্গমাইল (১৫২৮ বর্গকিলোমিটার) বিস্তৃত ঢাকা মহানগরের ২১ শতাংশ জায়গা জলাশয় ও জলাভূমি হিসেবে সংরক্ষিত থাকবে। এসব স্থানে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা স্থাপনা ও প্রকল্পগুলো সরিয়ে নিতে হবে। পর্যালোচনা কমিটি সরকারি-বেসরকারি আবাসনসহ মোট ১৬টি প্রকল্প ও প্রায় আড়াই হাজার শিল্পপ্রতিষ্ঠান সরিয়ে নেওয়ার সুপারিশ করেছে।এ বিষয়ে জানতে চাইলে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান প্রথম আলোকে বলেন, গেজেট প্রকাশের ফলে জনগণের দীর্ঘদিনের আশা পূরণ হলো। এটা বাস্তবায়িত না হলে রাজধানী পানিতে তলিয়ে যাবে। জলাভূমি ও জলাশয়কে রক্ষা করার লক্ষ্যেই ড্যাপ। আবাসিক প্রকল্পের জন্য কোনো প্রতিষ্ঠান অবৈধভাবে মাটি ভরাট করলে তাকে নোটিশ দিয়ে তা অপসারণের সুযোগ দেওয়া হবে।রাষ্ট্রপতির আদেশক্রমে গতকাল মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শিরিন আখতারের স্বাক্ষরে গেজেটটি প্রকাশিত হয়। এতে বলা হয়, ‘টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট ১৯৫৩-এর সেকশন ৭৩-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার রাজধানী উন্নয়নের এখতিয়ারাধীন ১৫২৮ বর্গকিলোমিটার (৫৯০ বর্গমাইল) এলাকার মাস্টার প্ল্যানের আওতাভুক্ত ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) ফর ঢাকা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যান মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নং গৃওপূম/পবি-৩/১ (২৩)/২০০৬/১৭০ তারিখ, ২৪ সেপ্টেম্বর, ২০০৮-এর মাধ্যমে প্রকাশ করিয়া উহার উপর সর্বসাধারণ কর্তৃক আপত্তি বা সুপারিশ উক্ত সেকশনে নির্ধারিত সময়সীমার মধ্যে দাখিল করিবার জন্য আহ্বান করিয়াছে।‘এবং যেহেতু ওই সময়সীমার মধ্যে প্রাপ্ত আপত্তি বা সুপারিশ বিবেচনা করিয়া সরকার উক্ত সেকশনে নির্ধারিত সময়সীমার মধ্যে কতিপয় সংশোধনীসহ উক্ত পরিকল্পনা অনুমোদন করিয়াছে।‘সেহেতু উক্ত আইন সেকশন ৭৪-এর সাব সেকশন (১) বিধান অনুযায়ী সরকার মাস্টার প্ল্যান অনুমোদনের বিষয়টি প্রকাশ করিল।’এর আগে ড্যাপ পর্যালোচনা কমিটির সুপারিশসহ ওই প্রতিবেদন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আড়াই ঘণ্টা সময় দিয়ে দেখেছেন। তার পরও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সেটি উপস্থাপন ও আলোচনার জন্য গত ১৩ জুন গণপূর্ত মন্ত্রণালয়ে সভা ডাকা হয়েছিল। কিন্তু হইচইয়ের কারণে প্রতিবেদনটি সেখানে উপস্থাপিত বা আলোচিত হতে পারেনি।সূত্রমতে, ড্যাপ পর্যালোচনার জন্য সরকারের গঠিত পর্যালোচনা কমিটি ১৬টি প্রকল্প ও দুই হাজার ৭২৪টি শিল্পপ্রতিষ্ঠানকে ড্যাপের সঙ্গে অসংগতিপূর্ণ (নন-কনফার্মিং) হিসেবে চিহ্নিত করে এগুলো সরিয়ে নেওয়ার সুপারিশ করে। প্রকল্পগুলোর মধ্যে ছয়টি সরকারি ও ১০টি বেসরকারি।অপসারণের সুপারিশ: কমিটি যে প্রকল্পগুলো অপসারণের সুপারিশ করেছে তার মধ্যে সরকারি প্রকল্পগুলো হচ্ছে: ঝিলমিল আবাসিক প্রকল্পের সম্প্রসারিত অংশ, পানগাঁও কনটেইনার পোর্ট, কেরানীগঞ্জের সোনাকান্দার বিসিক শিল্পনগরী, সাভারের বলিয়ারপুরে ঢাকা সিটি করপোরেশনের বর্জ্য ফেলার স্থান ও কেরানীগঞ্জের প্রস্তাবিত জেলখানা প্রকল্প।এ ছাড়া কেরানীগঞ্জে ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের প্রস্তাবিত প্রশিক্ষণ এলাকার জমি অধিগ্রহণে রাজউক অনাপত্তি দিয়েছিল। কিন্তু ওই এলাকা কাঠামোগত পরিকল্পনায় প্রধান বন্যাপ্রবাহ ও উপপ্রধান বন্যাপ্রবাহ এলাকা হিসেবে নির্দেশিত আছে। তাই ড্যাপে ওই এলাকার ভূমিকে বন্যাপ্রবাহ এলাকা হিসেবে দেখাতে হবে বলে পর্যালোচনা কমিটির সুপারিশে বলা হয়েছে।অপসারণের সুপারিশ করা বেসরকারি প্রকল্পগুলো হচ্ছে: সাভারের বিলামালিয়ায় মধুমতি মডেল টাউন ও ইস্টার্ন মায়াকানন, দক্ষিণ রামচন্দ্রপুরের অ্যাডভান্সড অ্যাঞ্জেল সিটি, আশুলিয়া মডেল টাউন, কেরানীগঞ্জের বসুন্ধরা রিভারভিউ আবাসিক প্রকল্প, গাজীপুরের প্রবাসী পল্লি আবাসিক প্রকল্প, টঙ্গী পৌর এলাকার প্রত্যাশা আবাসিক প্রকল্প, উত্তরখানের শতাব্দী হাউজিং, সাভারের উত্তর কাউন্দিয়া মৌজার প্রস্তাবিত আদর্শ শিক্ষক আবাসন প্রকল্প ও সাভারের রামচন্দ্রপুরের ঢাকা উদ্যানসহ অন্যান্য আবাসিক প্রকল্প।গেজেট প্রকাশিত হওয়ায় প্রতিক্রিয়া জানতে চাইলে ড্যাপ পর্যালোচনা কমিটির সদস্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঢাকা শহরকে বাঁচাতে ড্যাপ বাস্তবায়ন অত্যন্ত জরুরি। সরকার সময়োচিত একটি সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, কিন্তু এখন প্রয়োজন এর যথাযথ ও সঠিক বাস্তবায়ন। যদিও এটি অনেক কঠিন কাজ। তবু সরকারকে এতে জয়ী হয়ে দেখাতে হবে।ড্যাপ পর্যালোচনা কমিটির আরেক সদস্য স্থপতি ইকবাল হাবিব প্রথম আলোকে বলেন, ড্যাপ বাস্তবায়ন করতে হবে অঞ্চল ও মহল্লা ধরে। এটি এমন একটি পরিকল্পনা, যা পুরান ঢাকার ক্ষেত্রে যেভাবে প্রযোজ্য হবে, নতুন ঢাকার ক্ষেত্রে তা হবে না। তাই এই পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়নের জন্য রাজউকের ক্ষমতা বাড়াতে হবে। একই সঙ্গে রাজউককে গণমুখীও হতে হবে।