রাজধানীর ৪টি বিদ্যালয়ে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তিনটি সরকারিসহ চারটি বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তির উন্মুক্ত লটারি আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়গুলো হলো গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, তেজগাঁও সরকারি উচ্চবিদ্যালয়, খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয় এবং বেসরকারি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ।এ বছরই প্রথম সরকারি বিদ্যালয়গুলোতে লটারি করে প্রথম শ্রেণীতে শিক্ষার্থীদের ভর্তি করা হচ্ছে। রাজধানীর ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৩টিতে প্রথম শ্রেণী সংযুক্ত আছে। এই ১৩টি বিদ্যালয়কে ‘ক’, ‘খ’ ও ‘গ’—এ তিনটি গুচ্ছে ভাগ করে ফরম বিতরণ করা হয়। এর মধ্যে ‘ক’ গুচ্ছের তিনটি বিদ্যালয়ের লটারি আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়।গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রভাতি শাখার লটারি অনুষ্ঠিত হয়। প্রভাতি শাখায় ১০৯টি লটারি উত্তোলন করা হয়। পরে অপেক্ষমাণ তালিকায় আরও ১০৯টি লটারি উত্তোলন করা হয়। বেলা দুইটা থেকে দিবা শাখার লটারি অনুষ্ঠিত হয়ে চলে বিকেল চারটা পর্যন্ত । মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান-উর রশীদ লটারি কার্যক্রম উদ্বোধন করেন। অধিদপ্তরের পরিচালক জাকির হোসেন, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল খালেকসহ অন্য শিক্ষক ও অভিভাবকেরা এ সময় উপস্থিত ছিলেন।শিক্ষকদের উপস্থিতিকে তিনটি শিশু এই লটারি উত্তোলন করে। লটারিতে শিক্ষার্থীদের নাম ও রোল নম্বর ছিল। লটারি কার্যক্রম প্রজেক্টরের মাধ্যমে অভিভাবকদের দেখানো হয়। ভিকারুননিসা নূন স্কুল: সকাল থেকে সব শাখার বোনের কোটা, আজিমপুর কলোনির কোটা, বসুন্ধরা প্রভাতি ও দিবা শাখার লটারি শেষ হয়েছে। বিরতির পর ধানমন্ডি প্রভাতি দিবা শাখা এবং আজিমপুর প্রভাতি দিবা শাখা অনুষ্ঠিত হয়।প্রতিষ্ঠানের অধ্যক্ষ হোসনে আরা বেগম বলেন, ‘লটারি যাতে না হয় সে জন্য অনেক মানববন্ধন হয়েছে, বাধা এসেছে, কিন্তু লটারি শতভাগ সফল করার প্রতিজ্ঞা করেছিলাম। অবশেষে তা সফল হচ্ছে।’ যে শিশুরা ভর্তির সুযোগ পেল তাদের তিনি স্বাগত জানান এবং যারা পায়নি তাদের ঘরে বসিয়ে না রেখে অন্য প্রতিষ্ঠানে ভর্তি করে লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান। সাংসদ রাশেদ খান মেনন বলেন, ‘আমরা খুব চাপের মধ্যে ছিলাম, তবে সফল হয়েছি। এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে অন্যান্য স্কুলেও এভাবে ভর্তি করা হবে।’অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান উপস্থিত ছিলেন। তিনি এ পদ্ধতিকে স্বাগত জানান এবং অভিভাবকদেরকে প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করার জন্য কর্তৃপক্ষকে স্বাগত জানান। লটারি পরিচালনা করছেন বুয়েটের ইলেক্ট্রনিক অ্যান্ড ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের (ইইই) অধ্যাপক পিকে সাহা ও নাসিম আহমেদ দেওয়ান। বেইলি রোডের কলেজ প্রাঙ্গণে লটারি অনুষ্ঠান হয়।