রাজনগরে আদালতে নয় জওয়ানের জবানবন্দি, ক্ষমা চেয়ে কান্নাকাটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির রাজনগর ১২ রাইফেল ব্যাটালিয়নের জওয়ানদের জবানবন্দি নেওয়া শেষ হয়েছে। রাঙামাটি সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিডিআরের বিশেষ আদালতে গতকাল রোববার দুপুরে নয়জন জওয়ান আত্মপক্ষ সমর্থন করে জবানবন্দি দেন। এ সময় কেউ কেউ কান্নাকাটি করেন।রাজনগরে বিডিআর বিদ্রোহের মামলায় ৪৪ দিন পর গতকাল আবার আদালত বসেন। যুক্তিতর্ক উপস্থাপনের জন্য কাল মঙ্গলবার সকাল সাড়ে আটটা পর্যন্ত আদালত মুলতবি করা হয়। গত বছরের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহ সারা দেশের অনেক সেক্টর ও ব্যাটালিয়নে ছড়িয়ে পড়ে। রাঙামাটির রাজনগর ব্যাটালিয়নে বিডিআর বিদ্রোহের ঘটনায় নয়জন জওয়ানের বিরুদ্ধে মামলা হয়। গতকাল বিশেষ আদালতে ওই নয় জওয়ান জবানবন্দি দেন। গত বছরের ২৪ নভেম্বর এ মামলার বিচারকাজ শুরু হয়। গতকাল বেলা দুইটার দিকে বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলামের সভাপতিত্বে বিচার কার্যক্রম শুরু হয়। বিচারকাজে তাঁকে সহায়তা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোহরাওয়ার্দী, বিডিআরের কর্মকর্তা লে. কর্নেল আবদুর রউফ ও মেজর এ জেড এ গোলাম মুস্তফা আল মামুন। বিকেল পাঁচটা পর্যন্ত টানা তিন ঘণ্টা আসামিরা জবানবন্দি দেন।আদালতের সভাপতি মেজর জেনারেল মইনুল ইসলাম কৌঁসুলি লে. কর্নেল হাবিবুল করিমের কাছে জানতে চান নয় আসামিকে আদালতে হাজির করা হয়েছে কি না। জবাবে কৌঁসুলি হাবিবুল করিম বলেন, ‘নয় আসামিকে হাজির করা হয়েছে।’ আসামিরা দাঁড়িয়ে তাঁদের পরিচয় দিলে আদালত প্রত্যেককে নিজ নিজ জবানবন্দি লিখিত বা মৌখিকভাবে উপস্থাপনের নির্দেশ দেন।আদালত সূত্র জানায়, জবানবন্দি উপস্থাপনের সময় তিন আসামি কান্নাকাটি করে আদালতের কাছে ক্ষমা চান। একজন আসামি জবানবন্দি দেওয়ার সময় আপত্তিকর বক্তব্য উপস্থাপন করলে আদালত তাঁকে তিনবার সতর্ক করেন। জবানবন্দিতে নয় আসামি নিজেদের নির্দোষ দাবি করেন।আসামি সিপাহি আবুল কালাম আজাদ নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।’ একপর্যায়ে তিনি বলেন, ‘ব্যাটালিয়নে বেলা ১১টায় কেউ ঘুমায় না। অথচ একজন সাক্ষী নাকি ওই সময় ঘুমে ছিলেন। এটা অবিশ্বাস্য।’ এ পর্যায়ে আদালতের সভাপতি মেজর জেনারেল মইনুল ইসলাম তাঁকে সতর্ক করে বলেন, ‘আপনি বিডিআরের একজন সৈনিক। অন্যের সম্পর্কে আপনি এসব কী বলছেন? এই আদালতেও কেউ কেউ ঘুমাচ্ছেন। সেটা তো আদালতের দেখার বিষয় নয়। আপনি নিজের সম্পর্কে বলুন।’ আসামি হাবিলদার সোহরাব হোসেন গত বছরের ২৬ ফেব্রুয়ারি রাজনগর ব্যাটালিয়নে সংঘটিত ঘটনার জন্য আদালতের কাছে দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়ে বলেন, ‘চাকরি হারালে আমার তিন সন্তানের পড়াশোনা বন্ধ হয়ে যাবে। আমি নয় মাস ধরে কারাগারে। তাই বৃদ্ধ মা, স্ত্রী ও সন্তানেরা কষ্টে আছে।’ জবানবন্দিতে একই ধরনের বক্তব্য দেন শিব্বির আহমেদ। আসামি রাসেল কবির দাবি করেন, ‘বিদ্রোহের আগে একটি ঘটনায় আমি বিডিআরের কর্মকর্তা মেজর মুহিবুরের পক্ষে সাক্ষ্য দিই। এ কারণে উপসহকারী পরিচালক রিয়াজ আমার ওপর ক্ষুব্ধ হন। মুহিবুরের পক্ষ নেওয়ায় রিয়াজ আমাকে বিডিআর বিদ্রোহের মামলায় ফাঁসিয়েছেন।’ এ কথা বলেই তিনি কান্নাকাটি করেন। কান্নাকাটি করে আদালতে ক্ষমা চান মো. শামসুল হকও। আদালতে সরকারি কৌঁসুলিকে সহায়তা করেন হাইকোর্টের আইনজীবী মোশাররফ হোসেন ওরফে কাজল ও মো. মহিউদ্দিন দেওয়ান। আসামিদের পক্ষে ছিলেন কৌঁসুলি (ফ্রেন্ডস অব দ্য অ্যাকিউজড) মেজর এনামুল করিম। কাল মঙ্গলবার আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। এর পরই রায় হবে রাজনগর বিডিআর বিদ্রোহের মামলার। মারিশ্যা ৯ ব্যাটালিয়নে অভিযোগ গঠনের শুনানি: রাঙামাটির মারিশ্যা ব্যাটালিয়নে বিডিআর বিদ্রোহের মামলায় ৭৫ জন আসামির বিরুদ্ধে আজ সোমবার অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে। গত ৩০ ডিসেম্বর এ মামলার বিচারকাজ শুরু হয়।