রাজনগরে সমাজসেবা অধিদপ্তরের আট গণমিলনায়তন কেন্দ্র পরিত্যক্ত
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের নির্মিত আটটি গণমিলনায়তন কেন্দ্র দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বর্তমানে মিলনায়তন ভবনের কোনোটির চাল নেই, কোনোটির দেয়াল ভেঙে পড়েছে, কোনোটিতে হাটবাজারের আবর্জনা ফেলা হচ্ছে। অথচ এই ভবনগুলোকে সংস্কারের মাধ্যমে ব্যবহার-উপযোগী করে বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার সুযোগ রয়েছে। সমাজসেবা অধিদপ্তর রাজনগর কার্যালয় সূত্রে জানা গেছে, সমাজসেবা অধিদপ্তরের গ্রামভিত্তিক কার্যক্রম পরিচালনার জন্য ১৯৮৫ সালে রাজনগর উপজেলার আটটি ইউনিয়নের প্রতিটিতে একটি করে গণমিলনায়তন কেন্দ্র নির্মাণ করা হয়েছিল। এই গণমিলনায়তন তৈরির লক্ষ্য ছিল ইউনিয়ন পর্যায়ে সমাজসেবা অধিদপ্তরের নারী ও পুরুষদের নিয়ে বিভিন্ন ধরনের সভা-সমাবেশ এবং সামাজিক সালিস-বৈঠক করা। কিন্তু ১৯৮৭ সালে গণমিলনায়তন পরিচালনা কার্যক্রম প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে। তারপর মিলনায়তনগুলো অরক্ষিত হয়ে পড়ে। সরেজমিনে দেখা গেছে, অনেক গণমিলনায়তনেরই চাল নেই। দেয়াল ধসে পড়েছে। কোনোটি ময়লা-আবর্জনায় ঠাসা। রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের তারাপাশা বাজারের গণমিলনায়তন কেন্দ্রটি দেখে হঠাৎ করে বোঝার উপায় নেই এটি একটি সরকারি ভবন। সরকারি অর্থ ব্যয় করে একদিন এই ভবনটি নির্মাণ করা হয়েছিল। মনে হবে কোনো ব্যক্তি হয়তো কোনো কারণে হেলায়ফেলায় ফেলে রেখেছে ঘরটি। কামারচাক ইউনিয়নের তারাপাশা গণমিলনায়তন কেন্দ্রটি এখন আবর্জনায় ভরে আছে। মিলনায়তনটির চারপাশে গড়ে উঠেছে অনেক দোকান। এসব দোকান ও বাজারের সব ময়লা-আবর্জনা বছরের পর বছর ধরে ফেলা হচ্ছে মিলনায়তনের কাছে। আবর্জনা ফেলতে ফেলতে ঘরের প্রায় চালের কাছাকাছি পর্যন্ত ভরাট হয়ে গেছে। ঘরের ভেতরটা আবর্জনায় ভরে আছে। গণমিলনায়তন এলাকাটিতে শুধু আবর্জনাই ফেলা হয় না, পরিত্যক্ত মালামাল ফেলা বা রাখার ভাগাড়ে পরিণত হয়েছে স্থানটি। টেংরা গণমিলনায়তন কেন্দ্রটি দেখে বোঝার উপায় নেই এটাও একটা সরকারি ভবন ছিল। ভবনের ওপর চাল নেই। দেয়াল ভেঙেচুরে পড়েছে। শ্যাওলা জমে এমন হয়েছে, মনে হবে এটি কোনো পুরোনো স্থাপত্যেরই ধ্বংসাবশেষ। সমাজসেবা অধিদপ্তর সূত্র জানিয়েছে, ১৯৮৮ সালের ঝড়ে টেংরা গণমিলনায়তন কেন্দ্রের চাল উড়ে যায়। পরে দেয়াল ভেঙে পড়ে। একইভাবে উত্তরভাগ ইউনিয়নের সুনামপুরে অবস্থিত গণমিলনায়তন কেন্দ্র ও পাঁচগাঁও ইউনিয়নের গণমিলনায়তন কেন্দ্রের চাল ঝড়ে উড়ে গেছে। মুন্সীবাজার ইউনিয়নের গণমিলনায়তন কেন্দ্রের অর্ধেক চাল নেই। তবে তারাপাশা, মুন্সীবাজার ও মনসুরনগর ইউনিয়নের কাটাজুরিতে অবস্থিত গণমিলনায়তন কেন্দ্র এখনো খাড়া আছে। খাড়া দালানগুলো নিলামে বিক্রির একটি প্রক্রিয়া চলছে। এদিকে সমাজসেবা অধিদপ্তর রাজনগর কার্যালয় থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যেকোনো দুটি দালান সংস্কারের জন্য আর্থিক অনুমোদন চেয়ে চিঠি দেওয়া হয়েছে। একটি দালান সংস্কার করতে তিন থেকে চার লাখ টাকা লাগবে। সূত্র জানিয়েছে, আটটি গণমিলনায়তন সংস্কার করে এখানে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত কার্যক্রমের অংশ হিসেবেই বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র চালু করা সম্ভব। এতে গ্রাম পর্যায়ে ঠোঙা তৈরি, কাঁথা সেলাই, সেলাই প্রশিক্ষণসহ আয়বর্ধক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা যেতে পারে। গণমিলনায়তন কেন্দ্র কুটির শিল্প প্রশিক্ষণের কেন্দ্রে পরিণত করার সুযোগ রয়েছে। সূত্র জানিয়েছে, সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বয়স্কভাতা, চা-শ্রমিকদের ভাতা, অসচ্ছল প্রতিবন্ধীদের ভাতা, মুক্তিযোদ্ধাদের ভাতা বিতরণের ব্যবস্থা করা হয়। এসব কাজকর্ম করতে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন পর্যায়ে প্রয়োজনীয় জনবল ও নিজস্ব কোনো কার্যালয় নেই। ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে বসে এই কাজ করতে হচ্ছে। ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এলাকায় সমাজসেবা অধিদপ্তরের একটি কার্যালয় তৈরি হলে তাদের কাজ পরিচালনা সহজতর হতো।সমাজসেবা অধিদপ্তরের রাজনগর ও কামারচাক ইউনিয়নের দায়িত্বে থাকা সমাজকর্মী আতাউর রহমান প্রথম আলোকে বলেন, ‘কামারচাক ইউনিয়নের তারাপাশা গণমিলনায়তন নির্মাণের সময় এই স্থানটিতে ভবনের চারপাশ খালি ছিল। এটা গ্রামের অংশ ছিল। পর্যায়ক্রমে মিলনায়তনের চারপাশে গড়ে উঠেছে অনেক ঘর। এখন পুরো অংশটাই বাজার হয়ে গেছে। যে কারণে গণমিলনায়তনের দালানটি অন্যান্য ঘর থেকে নিচে পড়ে গেছে। যে উদ্দেশ্যে এই গণমিলনায়তন করা হয়েছিল, এখন আর তা সে রকম কাজে লাগছে না।’ রাজনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘রাজনগর উপজেলার আটটি গণমিলনায়তন কেন্দ্রই এখন অকার্যকর অবস্থায় আছে। প্রকল্প শেষ হওয়ার পর থেকেই মিলনায়তনে কার্যক্রম বন্ধ। সরকার নতুন করে কোনো প্রকল্প গ্রহণ করলে গণমিলনায়তন কাজে লাগানো যেতে পারে।’