রাজনগরে ১২ ব্যাটালিয়নে বিচারকাজ শেষ, ২ মে রায় ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির রাজনগর ১২ ব্যাটালিয়নের বিডিআর বিদ্রোহের মামলায় আজ মঙ্গলবার সকাল পৌনে নয়টায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। আদালত আগামী ২ মে রায়ের দিন ধার্য করেছেন। বাদীপক্ষের কৌঁসুলি লেফটেন্যান্ট কর্নেল হাবিবুল করিম প্রায় দুই ঘণ্টা যুক্তিতর্ক উপস্থাপন করেন। রাঙামাটি সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালতে বিচারকাজ চলে।নয় আসামির সবাই তাঁদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছেন। দুপুর একটা পর্যন্ত যুক্তিতর্ক উপস্থাপন চলে । উল্লেখ্য, গত বছরের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হয়। এ ঘটনার জের ধরে রাঙামাটির রাজনগরে বিডিআর জওয়ানেরা বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। এ ঘটনায় দায়ের করা মামলায় নয়জনকে আসামি করা হয়। গত বছরের ২৪ নভেম্বর বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলামের সভাপতিত্বে আসামিদের বিচারকাজ শুরু হয়। তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন, সাক্ষ্যগ্রহণ ও জবানবন্দি শেষে আজ যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়।