রাজনীতি অলিম্পিক ও স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার প্রিয় ইসরায়েলি লেখক শান্তিবাদী ইউরি আভনেরি এক লেখায় প্রাচীন গ্রিক রাষ্ট্রনায়ক পেরিকলস থেকে একটা সুন্দর উদ্ধৃতি দিয়েছেন: ‘তুমি রাজনীতি ছাড়তে চাইলে কী হবে, রাজনীতি তোমাকে ছাড়বে না’। এই মূল কথাটি মেনে নিয়ে এগোলে সমাজবদ্ধ মানুষের সামষ্টিক যেকোনো কাজে রাজনীতির পদস্পর্শ প্রত্যাশা করাই সংগত হবে। অলিম্পিক গেমস বা অলিম্পিক আন্দোলন এমন অন্য কোনো গ্রহ থেকে আসেনি যে তাকে রাজনীতিমুক্ত থাকতেই হবে। রাজনীতিমুক্ত ক্রীড়ার কথা আমরা উঁচু গলায় বলি বটে, আসলে বস্তুটি সোনার পাথরবাটির মতোই অলভ্য।এই প্রেক্ষিতটি মনে রেখে আধুনিক যুগের অলিম্পিক গেমস নিয়ে ভাবলে দেখা যাবে, ১৮৯৬ থেকে শুরু হয়ে বিগত ১১৬ বছরে রাজনীতি বা রাজনীতির সামনে দাঁড়ানো অর্থনৈতিক পেশিশক্তি অলিম্পিক আন্দোলনকে ইচ্ছেমতো নাচিয়েছে। কখনো তা চেহারা নিয়েছে উগ্র উন্মত্ততার, কখনো কাজ করেছে নীরব ঘাতকের নিপুণতায় আবার কখনো একপেশে সংখ্যাগরিষ্ঠতার বিপুল ভারে।যে শতাধিক ব্যক্তি নিয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) গঠিত (সংখ্যাটি ১৮৯৬ সালে শুরুর ১৩ থেকে ওঠানামা করে এখন মোটামুটি ১১৫-তে স্থিত হয়েছে), তারাই এই গেমসের মালিক। এতে রয়েছে জন্মগতভাবেই ইউরোপীয়দের প্রাধান্য। আবার ইউরোপের আড়ালে বেশির ভাগ সময় ফরাসিরা অথবা ফরাসিভাষীরা একধরনের নিয়ন্ত্রণরশি ধরে রেখেছে আইওসিতে। এ-ও এক সূক্ষ্ম রাজনীতি বৈকি।অলিম্পিক গেমসের মর্যাদা আর আর্থিক আকর্ষণ যত বেড়েছে, ততই প্রভাবশালীরা একে পুঁজি করে দুনিয়াজোড়া নাম বাড়ানোর স্বপ্ন দেখেছে। গেমস্ জাতীয় মর্যাদা-গৌরব প্রতিষ্ঠার অনন্য হাতিয়ার হয়েছে। সাম্প্রতিককালে অনেক দেশেই তা টাকা আয়েরও পথ খুলেছে। বিশেষ করে আইওসির স্পনসর হিসেবে বড় মার্কিন কোম্পানিগুলো সামনে চলে আসায় অনেক সময়ই আইওসিকে মার্কিনি রুচি-পছন্দকে জমা-খরচ দিয়ে চলতে হয়েছে। আইওসির সাবেক সভাপতি সামারাঞ্চ মার্কিন সিনেট কমিটির সামনে বসে ‘গ্রিল্ড অ্যান্ড রোস্টেড’ হতেও যে অসম্মত হননি, তার কারণও ওই মার্কিন টাকা।ইতিহাস ঘাঁটলেই দেখা যাবে, প্রায় প্রথম থেকেই রাজনীতির ঘোরপ্যাঁচ আইওসিকে নিদ্রাহীন রেখেছে: প্রথম বিশ্বযুদ্ধে প্রতিপক্ষ হওয়ার কারণে ১৯২০, ১৯২৪ আর ১৯৪৮ সালের গেমসে জার্মানি অংশগ্রহণের জন্য নিমন্ত্রণই পায়নি। ওই যুদ্ধে জার্মানির মিত্র তুরস্ক, অস্ট্রিয়া, বুলগেরিয়া আর হাঙ্গেরিও ১৯২০ সালের গেমসের ডাক পায়নি। হাঙ্গেরির দুঃখ আরও বেশি: ১৯২০ সালের জন্য নির্বাচিত নগরই ছিল বুদাপেস্ট; কিন্তু জার্মান মিত্রতার ‘অপরাধে’ আইওসি এক বছর আগে গেমস ভেন্যু পাল্টে তা করার দায়িত্ব দেয় বেলজিয়ান বন্দরনগর এন্টিয়োর্পকে। ১৯৪৮ সালের লন্ডন গেমসে অপর অক্ষশক্তি জাপানও নিমন্ত্রণ পায়নি। আর রুশ সাম্রাজ্যের জায়গায় সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠার পরে ১৯৫২ সালের আগে কোনো গেমসে আসার প্রয়োজনই বোধ করেনি সোভিয়েতরা। তাইওয়ানকে নিয়ে বিরোধে চীন দশক দশক আলিম্পিক আন্দোলনের বাইরে থেকেছে। ১৯৬৩ সালে নতুন উত্থিত শক্তির গেমস বা ‘গানেফো’ গেমসে অংশগ্রহণের দোষে আইওসি একটা ঢালাও নিষেধাজ্ঞা জারি করে। এতে টোকিও অলিম্পিকে যেতে পারেনি উত্তর কোরিয়া আর ইন্দোনেশিয়া। আর ১৯৭২ সালের মিউনিখ গেমস রঞ্জিত হয় ইসরায়েলি অ্যাথলেটদের রক্তে—কারণ রাজনীতি।১৯৭৬ সালে মন্ট্রিয়লে ছিল আফ্রিকার দেশগুলোর বয়কট। নিউজিল্যান্ডের বর্ণবাদকে প্রশ্রয় দেওয়ায় আইওসির ওপর অসুখী কালো আফ্রিকার ২৪ দেশ গেমস বর্জন করে। তবে স্নায়ুযুদ্ধের তুঙ্গাবস্থায় ১৯৮০ আর ১৯৮৪-তে যা ঘটে, তার তুলনা মেলা ভার। আফগানিস্তানে সৈন্য পাঠানোর দায়ে মস্কো অলিম্পিক বয়কটের ডাক দেয় মার্কিনরা। পশ্চিমা দুনিয়ার একটা বড় অংশ তাতে সাড়া দেয়। সৈন্য পাঠানোই যদি কারণ হয়, তবে মার্কিন যুক্তরাষ্ট্র তখন পর্যন্ত বা তার আগে-পরে ভিয়েতনামসহ আর কোথায় কোথায় সৈন্য পাঠিয়েছে, তার একটা তালিকা তৈরি করা যেতে পারে; এবং সেই তালিকা এত বড় হবে যে সোভিয়েতরা লজ্জা পাবে। প্রত্যুত্তরে সোভিয়েত নেতৃত্বাধীন তথাকথিত সমাজতান্ত্রিক ব্লক (চীন বাদে) মোটামুটিভাবে ১৯৮৪ সালের লস অ্যাঞ্জেলেসের গেমস থেকে সরে দাঁড়ায়। এ ছাড়া, আইওসির নারীদের অংশগ্রহণ আর পেশাদার-অপেশাদার প্রশ্ন নিয়ে টালবাহানায় অনেক প্রতিভাবান অ্যাথলেটের জীবন নষ্ট হয়েছে। ১৯১২ সালের গেমসে দুটি সোনাজয়ী জিম থর্পকে তাঁর পদক হারাতে হয় একটা সামান্য পেশাদারির দায়ে। তাঁর মৃত্যুর ৩০ বছর পরে ১৯৮৩ সালে তাঁর সন্তানদের কাছে সোনা ফেরত দেয় আইওসি। একই ধরনের অভিযোগে নয় অলিম্পিক সোনাজয়ী ‘ফ্লাইং ফিন’ পাভো নুর্মিকে ১৯৩২ সালের গেমস থেকে বিরত রাখা হয় সুইডিশদের চাপে। নাৎসি স্যালুট রাজনীতির প্রয়োজনে ১৯৩৬ সালে মেনে নেওয়া হয়েছিল, কিন্তু ১৯৬৮ সালে আইওসি টমি স্মিথ ও জন কার্লোসের সোনা আর তামা কেড়ে নেয় বিজয়মঞ্চে গণ-অধিকারসংশ্লিষ্ট ভঙ্গি দেখানোর দায়ে। ১৯২৮ সালের আগে নারীদের মূল ইভেন্টগুলোর কথাই বিবেচনা করেনি আইওসি। অবশ্য সে জন্য দায়ী সম্ভবত আধুনিক অলিম্পিক গেমসের জনক পিয়েরে কুবার্তিন, যিনি মেয়েদের কষ্টকর ইভেন্টে যোগ দেওয়াকে অনান্দনিক ভাবতেন।এত কিছুর পরও অলিম্পিক গেমস পৃথিবীর মানুষকে ধর্ম-বর্ণ-গোত্রীয় চেতনার ঊর্ধ্বে উঠে এসে অন্তত কয়েক সপ্তাহের জন্য হূৎস্পন্দনে ও স্বপ্নে এক হওয়ার বিরল সুযোগ করে দেয়। মানুষের দৈহিক সংস্কৃতির কিছু উজ্জ্বলতম মুহূর্ত তৈরি হয়েছে গত ১১৬ বছরের অলিম্পিক গেমস থেকে। ৩০ অলিম্পিয়াডের (অলিম্পিক গেমসের বছরের জানুয়ারির প্রথম দিন থেকে শুরু হয় চার বছরের সময় চক্র, যার নাম ‘অলিম্পিয়াড’) লন্ডন গেমস মানুষের হানাহানিকে আরেকবার নিরর্থক প্রমাণ করে সুস্থ প্রতিযোগিতার পথ উন্মোচন করবে, দুনিয়াজোড়া মানুষ ১৬ দিনের জন্য তাই চাইবে, যখন ২৭ জুলাই ২০১২ সালে রানি দ্বিতীয় এলিজাবেথ চতুর্থবারের মতো অলিম্পিক গেমস উদ্বোধন করবেন। একজনের চার গেমসের উদ্বোধন করাটাও একটা রেকর্ড।আমরা তো অন্য দেশে হওয়া অলিম্পিক গেমস নিয়ে অনেক ভাবি। আগামী ১০ বছরে আমাদের দেশেই একটা এশিয়ান গেমস আয়োজন করা সম্ভব; আর সেটা করতে পারলে তার ধাক্কায় ২০৫০ সালের আশপাশেই এখানেও হতে পারে অলিম্পিক গেমস। যে দেশে হুমায়ূন আহমেদের মতো কৃতী পুরুষ জন্ম নেন, সে দেশে এমন স্বপ্ন আমরা দেখতেই পারি।