রাজনীতি করার জন্য শুনানি করেননি খালেদার আইনজীবীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ‘মামলা পেশ করার সুযোগ দেওয়া হয়নি বলে খালেদা জিয়ার আইনজীবীরা যে অভিযোগ করেছেন, তা সত্য নয়। আদালত গতকাল সোমবার ৯০ মিনিট পর্যন্ত অপেক্ষা করেছেন। হাইকোর্টের রায় সঠিক কি না সেটা নিরূপণ করার জন্যই লিভ টু আপিল করা হয়। তাঁরা লিভ টু আপিল শুনানি করতে না চেয়ে আদালত অবমাননা আবেদনের শুনানি করতে চেয়েছেন।’ মাহবুবে আলম অভিযোগ করেছেন, ‘রাজনীতি করার জন্যই তাঁরা এমনটা করেছেন।’আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে নিজ কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।আদালতে বিচারাধীন থাকা অবস্থায় সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করা আদালত অবমাননার শামিল—অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদনের ওপর আজ শুনানি হয়নি। বিচারপতিরা এজলাসে বসেননি। অ্যাটর্নি জেনারেল এ কথা জানান। তিনি জানান, হরতালের দিন সাধারণত আদালত বসে না। আদালত বসলেও আইনজীবীরা না আসতে পারায় মামলা নষ্ট হয়ে যায়। তবে অ্যাটর্নি জেনারেল অভিযোগ করেন, ‘খালেদা জিয়ার আইনজীবীরা আজ আদালতে যাননি। শুনানির ইচ্ছা থাকলে তাঁরা আদালতে যেতেন। তাঁরা প্রধান বিচারপতিকে বিতর্কিত করতে চান।’ বিএনপি নেতা মাহবুব উদ্দিন খোকন আগামী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে বর্তমান প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে মেনে নেবেন না বলে যে বক্তব্য দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে আজ অ্যাটর্নি জেনারেল বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে তাঁর নিয়োগ নিয়ে প্রশ্ন তোলার জন্যই এ পন্থা অবলম্বন করা হয়েছে। বর্তমান প্রধান বিচারপতিই পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হচ্ছেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বলেন, ‘এটা আইনজীবী খোকনের কথা। তিনি আগ বাড়িয়ে বলেছেন।’প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আপিল বিভাগ গতকাল আবেদনটির শুনানি আজ পর্যন্ত মুলতবি করেছিলেন। এটি আদালতের আজকের কার্যতালিকায় এক নম্বরে ছিল। বাড়ি নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা লিভ টু আপিল (আপিল অনুমতির আবেদন) গতকাল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চেয়ে করা লিভ টু আপিল আবেদনের পাশাপাশি বাধ্যতামূলক নিষেধাজ্ঞা অথবা বাড়ির স্থাপনা অপরিবর্তিত রাখতে স্থিতাবস্থা চেয়ে করা আবেদনটিও খারিজ করে দেন আদালত। ফিরে দেখা: ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর একই বছরের ১২ জুন শহীদ মঈনুল সড়কের বাড়িটি খালেদা জিয়ার নামে বরাদ্দ দেওয়া হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বাড়িটির ইজারা বাতিল করা হয়। এরপর বাড়ি খালি করার নোটিশ দেওয়া হলে খালেদা জিয়া হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট ১৩ অক্টোবর তাঁর রিট আবেদনটি খারিজ করেন। রায়ে তাঁকে বাড়ি খালি করতে কমপক্ষে ৩০ দিন সময় দিতে সরকার ও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। ওই রায়ের বিরুদ্ধে খালেদা জিয়া আপিল বিভাগে লিভ টু আপিল করেন ৮ নভেম্বর। পরের দিন চেম্বার বিচারপতি বিষয়টি ১০ নভেম্বর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। ওই দিন খালেদা জিয়ার আইনজীবীরা শুনানি মুলতবির আবেদন জানালে আদালত ২৯ নভেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করেন। গতকাল ওই আবেদনটি খারিজ করে দেওয়া হয়। তবে বাড়ি ছাড়ার জন্য দেওয়া ৩০ দিনের সময়সীমা ১২ নভেম্বর শেষ হয়। পরের দিন খালেদা জিয়াকে সেনানিবাসের ওই বাড়ি থেকে সরিয়ে দেওয়া হয়। খালেদার মামলা: ২৩ নভেম্বর খালেদা জিয়া সরকারের তিন সচিবসহ আট কর্মকর্তার বিরুদ্ধে আপিল বিভাগে আদালত অবমাননার আবেদন করেন। লিভ টু আপিল বিচারাধীন থাকা অবস্থায় তাঁকে বাড়ি থেকে উচ্ছেদ করা আদালত অবমাননার শামিল—এমন অভিযোগে আবেদনটি করা হয়। এতে প্রতিরক্ষা সচিব খন্দকার আসাদুজ্জামান, মন্ত্রিপরিষদ সচিব মো. আবদুল আজিজ, স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার, সামরিক ভূ-সম্পত্তি অধিদপ্তরের পরিচালক মোর্তুজা আহমেদ, উপপরিচালক শফিকুল আহমেদ, মিলিটারি এস্টেট অফিসার এস এম এমদাদুল হক, ঢাকা সেনানিবাস বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল তানভির হাসান মজুমদার ও আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক শাহীনুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আরজি জানানো হয়। ২৩ নভেম্বর আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এস কে সিনহা আবেদনটি গতকাল (২৯ নভেম্বর) শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। তবে কাল ওই আবেদনের শুনানি আজ পর্যন্ত মুলতবি করা হয়েছিল। মামলায় অভিযোগ: আদালত অবমাননার আবেদনে বলা হয়, ১৩ নভেম্বর আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা খালেদা জিয়ার শয়নকক্ষের দরজা ভেঙে ভেতরে ঢোকেন। এর আগে বাসার টেলিফোন ও ডিশ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বেলা তিনটার দিকে তাঁকে অমানবিকভাবে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। সৈয়দ সালেহ আজম বনাম গণপূর্ত মামলার উদাহরণ টেনে আবেদনে বলা হয়, আদালতের এখতিয়ারাধীন বিষয়ে সরকার যদি কোনো পদক্ষেপ নেয়, তা ক্ষমার অযোগ্য অপরাধ।