রাজনীতি থেকে পুরোপুরি বিদায় নিচ্ছেন গোবিন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময়ের জনপ্রিয় চলচ্চিত্রাভিনেতা ও ভারতের সাবেক সাংসদ গোবিন্দ অভিনয়ের পাশাপাশি যোগ দিয়েছিলেন রাজনীতিতেও। অভিনয়ে যেমন সফল ছিলেন রাজনীতিতেও প্রমাণ করেছেন নিজের জনপ্রিয়তা। কংগ্রেসের হয়ে ২০০৪ সালে জয়ী হয়েছিলেন ভারতের লোকসভা নির্বাচনে। লোকসভার নির্বাচনে গোবিন্দের জনপ্রিয়তার কাছে পরাজিত হয়েছিলেন বিজেপি নেতা রাম নায়েক। রাজনীতিতে সফল হলেও শেষ পর্যন্ত নিয়মিত রাজনীতিতে জড়াননি গোবিন্দ। ২০০৯ সালে হঠাত্ করেই রাজনীতির মাঠ থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। রাজনীতি ছেড়ে নতুন করে আবারও মনোযোগ দেন চলচ্চিত্রে। অনেকেই ধারণা করেছিলেন সাময়িক বিরতির পর হয়তো আবারও রাজনীতির মাঠে দেখা মিলবে গোবিন্দের। কিন্তু সবার সে আশায় গুড়ে বালি। সম্প্রতি মহারাষ্ট্রের ভিরার শহরে আয়োজিত এক সাহিত্য সম্মেলনে ভবিষ্যতে আর কখনো রাজনীতিতে না ফেরার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন বলিউডের এই অভিনেতা। ভিরারকে নিজের কর্মভূমি উল্লেখ করে তিনি বলেন, ‘রাজনীতি আমার রক্তে নেই। এমনকি আমার পরিবারের কোনো সদস্যও রাজনীতির সঙ্গে জড়িত নন।’এদিকে ভারতীয় বার্তা সংস্থা এ অভিনেতার বরাতে এক খবরে জানিয়েছে, গোবিন্দ আর কখনোই নিজেকে রাজনীতির সঙ্গে জড়াবেন না। সে ক্ষেত্রে রাজনীতি থেকে একঅর্থে পুরোপুরি বিদায়ই নিলেন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা।