জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, রাজনীতি থেকে লুটেরা, দুর্নীতিবাজ, জঙ্গিবাদ, যুদ্ধাপরাধী ও সাম্প্রদায়িক শক্তিকে মাইনাস করতে না পারলে গণতন্ত্র নিরঙ্কুশ হবে না। এদের মাইনাস করা না গেলে গণতন্ত্র মাইনাস হয়ে যাবে।বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে হাসানুল হক বলেন, ‘যুদ্ধাপরাধী, জঙ্গি, দুর্নীতিবাজ, সাম্প্রদায়িক শক্তিকে মাইনাস করুন, না হয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যান।’আজ সোমবার জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে হাসানুল হক ইনু এ কথা বলেন।বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকারের দাবির সমালোচনা করে ইনু বলেন, ‘আসলে তাদের মূল দাবি এটা নয়। কারণ তাদের বারবার আহ্বান জানানোর পরও তারা এ বিষয়ে কোনো বিকল্প প্রস্তাব দেয়নি। আসলে খালেদা জিয়া রাজনৈতিক শান্তি চান না, তাঁর নজর অন্যদিকে। তিনি যুদ্ধাপরাধীদের রক্ষায় নেমেছেন।’বাজেট সম্পর্কে ইনু বলেন, রাজনৈতিক ঝুঁকিসহ বিভিন্ন ঝুঁকি সফলভাবে মোকাবিলার ওপর এ বাজেটের সফল বাস্তবায়ন নির্ভর করছে। এর পাশাপাশি আগামী অর্থবছরে ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে হবে। তিনি বাজেটে ব্যক্তি শ্রেণীর সর্বনিম্ন করসীমা তিন হাজার টাকা, সঞ্চয়ের ওপর ১৫ শতাংশ, উত্স কর ৫ শতাংশ, ক্ষুদ্র ব্যবসায়ী পর্যায়ে ৫ শতাংশ মূল্য সংযোজন কর, খুচরা পর্যায়ে ৪ শতাংশ মূল্য সংযোজন কর ও রপ্তানি খাতে ১ দশমিক ২ শতাংশ সম্পূর্ণভাবে প্রত্যাহারের প্রস্তাব করেন। একই সঙ্গে মোবাইলের সিম কার্ডের ওপর ৬০০ টাকা কর, হ্যান্ডসেটের ওপর ১২ শতাংশ কর, মোবাইল গ্রাহকদের কলরেটের ওপর ২ শতাংশ কর আরোপের প্রস্তাব প্রত্যাহারের দাবি জানান তিনি।হাসানুল হক ইনু গত সাড়ে তিন বছরে বিভিন্ন খাতে সফলতার জন্য কৃষক, উদ্যোক্তা ও পোশাকশিল্পের শ্রমিকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, যে সফলতা, তা তাঁদের পরিশ্রমের ফলেই এসেছে।মূল্যস্ফীতির কথা উল্লেখ করে ইনু বলেন, অর্থমন্ত্রী তা ঠেকাতে ব্যর্থ হয়েছেন। নিত্যপণ্যের দাম সাগরের ঢেউয়ের মতো ওঠা-নামা করায় গরিব ও মধ্যবিত্ত মানুষের নাভিশ্বাস উঠেছে। এ থেকে তাদের রেহাই দিতে পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা চালু এবং টিসিবিকে শক্তিশালী করে ন্যায্যমূল্যে এসব পণ্য সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি তিনি সমবায় খাতে ৭০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন। তিনি খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকারি পর্যায়ে খাদ্যমজুদের ক্ষমতা ১৫ থেকে ২০ লাখ টনে উন্নীত করারও প্রস্তাব করেন। বাসস।