রাজনীতি থেকে সরাতেই ২১ আগস্ট মামলায় তারেকের নাম
প্রধান বিরোধী দল বিএনপির চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেছেন, রাজনীতি থেকে তারেক রহমানকে সরিয়ে দেওয়ার জন্যই ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার অভিযোগপত্রে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি বলেন, পক্ষপাতদুষ্ট কর্মকর্তার মাধ্যমে নতুনভাবে তদন্ত করে নতুন অভিযোগপত্রে তারেক রহমানকে আসামি করা হয়েছে।আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ জিয়া পরিবারকে জড়ানোর ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল এই মানববন্ধনের আয়োজন করে।‘বর্তমান সরকার পদে পদে ভুল করছে’ মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, অবিলম্বে এ সরকারকে পদত্যাগে বাধ্য করতে যা যা করা প্রয়োজন, তা করতে হবে। সংকট নিরসনে অন্দোলন ছাড়া উপায় নেই। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবি জানিয়ে তিনি বলেন, এটি না করলে এ সরকারের পরিণতি এরশাদের চেয়েও ভয়াবহ হবে।