রাজনীতি নিয়ে মানুষের হতাশা বেড়েছে
গত দুই বছরে রাজনৈতিক অঙ্গন নিয়ে জনগণের মধ্যে হতাশা বেড়েছে। সুশাসন ও অর্থনীতির সূচকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের সফলতা গত বছরের তুলনায় কমেছে বলে মনে করছেন তাঁরা। বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াকে যেভাবে সেনানিবাসের বাড়ি থেকে বের হয়ে আসতে হয়েছে, অধিকাংশ মানুষ তা পছন্দ করেননি, যদিও এ কারণে বিরোধী দলের ডাকা হরতাল কর্মসূচির বিরোধিতা করেছেন তার চেয়েও বেশি মানুষ। নির্বাচনের পরের বছর নৈরাজ্যের রাজনীতি আর ফিরে আসবে না বলে যে পরিমাণ মানুষ আশা প্রকাশ করেছিলেন, তার পরিমাণ এ বছর উল্লেখযোগ্য সংখ্যায় কমেছে। তবে রাজনীতি নিয়ে এসব আশঙ্কার পরও জীবনযাত্রার মান খানিকটা বেড়েছে বলেই বেশির ভাগ দেশবাসীর ধারণা।মহাজোট সরকারের গত দুই বছরের দেশ পরিচালনা নিয়ে জনগণের একটি মূল্যায়নের প্রতিফলন উঠে এসেছে এসব মতামতের মাধ্যমে। সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে প্রথম আলোর উদ্যোগে পেশাদার জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘ওআরজি-কোয়েস্ট রিসার্চ লিমিটেড’ এই জরিপ পরিচালনা করে।জরিপ থেকে জানা গেছে, সংসদ পরিচালনা, বিরোধী দলকে সংসদে ফিরিয়ে আনার প্রচেষ্টা এবং বিরোধী দলের প্রতি আচরণ নিয়ে সরকারের প্রতি নাগরিকদের অসন্তোষ গত বছরের চেয়ে এ বছর আরও বেড়েছে। আগের বছরের চেয়ে ৮ শতাংশ বেশি উত্তরদাতা জানিয়েছেন, আগের বিএনপি-জামায়াত জোট সরকারের তুলনায় বর্তমান সরকারের আমলে দলীয়করণ বেড়েছে। পাশাপাশি ছাত্রলীগ, যুবলীগের নেতা-কর্মীদের নিয়ন্ত্রণ করা নিয়েও আওয়ামী লীগের প্রতি আস্থা কমেছে নাগরিকদের।এ বছর বিচারব্যবস্থার উন্নতি নিয়েও জনগণের মধ্যে সরকারের প্রতি আস্থা কমেছে। এ ক্ষেত্রে অবনতি হয়েছে, এমন ধারণা পোষণকারীদের সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়েছে। তবে নির্বাচন কমিশনের ব্যাপারে জনগণের মধ্যে আস্থা বেড়েছে।