প্রথম আলো: বাংলাদেশের শিক্ষক সংগঠন সম্পর্কে আপনার ধারণা কী? অ্যালুসিয়াস: বাংলাদেশের চারটি শিক্ষক সংগঠন এডুকেশন ইন্টারন্যাশনালের সদস্য। সংগঠনগুলো সরকারি দল, নয়তো বিরোধী দলের রাজনীতির সঙ্গে জড়িত। ভোটের রাজনীতিতে শিক্ষকেরা বড় ভূমিকা পালন করেন বলে ধারণা করা হয়। শিক্ষকেরা ভোট সংগ্রহ করতে সরাসরিই মাঠে নামেন। তবে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার আগে শিক্ষকদের নানা প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় গেলে কঠিন হাতে তাদের আন্দোলন দমন করে। প্রথম আলো: এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্য দেশগুলোর অবস্থা কেমন?অ্যালুসিয়াস: অন্যান্য দেশেও শিক্ষকেরা কমবেশি রাজনীতির সঙ্গে যুক্ত। শ্রীলঙ্কায় ২৯টি সংগঠন আছে। এদের মধ্যে দ্বন্দ্ব লেগেই আছে। শিক্ষক সংগঠনগুলোর নিজেদের স্বার্থে একতাবদ্ধ হওয়া জরুরি। ভারতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মোর্চা খুবই শক্তিশালী। সে দেশের সরকার সিদ্ধান্ত নিয়েছিল সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো সরকারি-বেসরকারি অংশীদারির ভিত্তিতে পরিচালিত হবে। কিন্তু শিক্ষকদের ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে সরকার সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে। কিন্তু রাজনীতির সঙ্গে শিক্ষকদের সম্পৃক্ততা বাংলাদেশে খুব বেশি। প্রথম আলো: শিক্ষকদের কি রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া উচিত নয়? অ্যালুসিয়াস: না, না, শিক্ষকেরা রাজনীতি কেন করবেন না? রাজনীতি করার ওপর নিষেধাজ্ঞা এলে তা হবে মানবাধিকারের লঙ্ঘন। তবে, রাজনীতি যেন শিক্ষকতার ওপর স্থান না পায়।প্রথম আলো: স্কুলে পড়ানোর চেয়েও অনেক শিক্ষক প্রাইভেট পড়ানোয় বেশি আগ্রহী। এসব নিয়ে বাংলাদেশে প্রচুর তর্ক-বিতর্ক চলছে। অ্যালুসিয়াস: যত দিন শিক্ষকেরা সম্মানজনক জীবন যাপন করার জন্য যথেষ্ট বেতন-ভাতা না পাবেন, তত দিন এই সমস্যা থাকবে। এডুকেশন ইন্টারন্যাশনাল বেশ কিছু দেশে শিক্ষকদের পক্ষে সরকারের সঙ্গে দেনদরবার করেছে। নীতিনির্ধারকদের বলেছি, আপনি কি আপনার সন্তানের জন্য এমন শিক্ষক চান, যিনি পড়াতে পড়াতে ভাববেন, আমার বাড়িতে চাল নেই, বাড়িভাড়া বাকি পড়েছে। এই অঞ্চলের বহু দেশে শিক্ষকেরা স্কুল-কলেজ থেকে বেরিয়ে ট্যাক্সি চালান। এটা কাম্য নয়। প্রথম আলো: আপনি কি মনে করেন সম্মানজনক বেতন-ভাতার ব্যবস্থা করা না গেলে মেধাবীরা এ পেশায় আসবেন? সম্মানজনক বেতন-ভাতা কোন দেশগুলো দিচ্ছে?অ্যালুসিয়াস: উন্নয়নশীল দেশগুলো অনেক সময় কুলিয়ে উঠতে পারে না। আবার অনেক সময় সরকার এই সমস্যার গুরুত্ব বুঝতে পারে না। মঙ্গোলিয়ায় শিক্ষকেরা সমপ্রতি একযোগে ধর্মঘটে গেছেন। তারপর সে দেশের সরকার শিক্ষকদের বেতন প্রায় ৪০ শতাংশ বাড়িয়েছে। উন্নত দেশগুলো, বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপের বেশ কিছু দেশ শিক্ষকদের সম্মানজনক বেতন দিচ্ছে। এশিয়ায় মালয়েশিয়া, সিঙ্গাপুরের সরকার এ ব্যাপারে খুবই যত্নবান। শ্রীলঙ্কা মোটামুটি ভালো করছে, ভারতও শিক্ষকদের বেতন যথেষ্ট বাড়িয়েছে। প্রথম আলো: এডুকেশন ইন্টারন্যাশনাল উন্নত ও উন্নয়নশীল দেশের শিক্ষকদের মধ্যে যোগাযোগ বাড়াতে কীভাবে কাজ করছে?অ্যালুসিয়াস: এডুকেশন ইন্টারন্যাশনাল পেশাগত দক্ষতা বাড়াতে শিক্ষকদের প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে। উন্নত বিশ্বের শিক্ষকেরা এই প্রশিক্ষণের ব্যয় অনেকটাই বহন করে। প্রশিক্ষণ ছাড়া শিক্ষকদের পেশাগত উন্নয়ন সম্ভব নয়। বাংলাদেশেও আমরা একই ধরনের কার্যক্রম চালাচ্ছি।