রাজনীতিতে অবাঞ্ছিত হস্তক্ষেপ বন্ধে ব্যবস্থা নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দেশটির রাজনীতিতে সামরিক বাহিনীর অবাঞ্ছিত হস্তক্ষেপ বন্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানির প্রতি আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্ট জারদারি কর্তৃক সম্ভাব্য সামরিক অভ্যুত্থান ঠেকাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গোপন সমঝোতা চুক্তির প্রেক্ষাপটে তিনি এ আহ্বান জানালেন। গতকাল রোববার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাকিস্তানের প্রধান বিরোধী দল পিএমএল(এন)-এর নেতা নওয়াজ শরিফ বলেন, সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফকেও তাঁর কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে।পাকিস্তানে সম্ভাব্য সামরিক অভ্যুত্থান ঠেকাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন চুক্তি করেছেন প্রেসিডেন্ট জারদারি। এ ছাড়া দেশের রাজনীতিতে অযাচিত হস্তক্ষেপ করছে আইএসআই। এ দুটি অভিযোগের বিষয়ে জানতে চাইলে নওয়াজ শরিফ বলেন, ‘যেসব সামরিক সংস্থা রাজনীতিতে জড়িয়ে পড়ছে, সেগুলোকে এ প্রবণতা থেকে নিবৃত করার দায়িত্ব জেনারেল কায়ানির। অবিলম্বে তাঁদের তত্পরতা বন্ধ করতে হবে, নইলে অন্যদের সঙ্গে তাঁকেও অভিযুক্ত হতে হবে। এমন কিছু করা উচিত হবে না, যাতে আমাদের সামরিক বাহিনীর মর্যাদা ক্ষুণ্ন হয়।’ পিটিআই।