রাজনীতিতে আগ্রহী প্রিয়াঙ্কার স্বামী
সক্রিয় রাজনীতি থেকে নিজেকে বেশ সতর্কতার সঙ্গেই সরিয়ে রেখেছেন নেহরু-গান্ধী পরিবারের উত্তরসূরি ও রাজীব-সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী। তবে রাজনীতিতে আসা নিয়ে মোটেও সংকোচ নেই তাঁর স্বামী রবার্ট ভদ্রের। গতকাল সোমবার রবার্ট বলেন, তিনি যে সমাজের প্রতিনিধিত্ব করছেন, সেই সমাজের পরিবর্তন সাধনে কাজ করতে পারবেন মনে করলে মূলধারার রাজনীতিতে আসবেন। কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধীর নির্বাচনী আসন উত্তর প্রদেশের আমেথিতে প্রিয়াঙ্কার রোড শোর এক ফাঁকে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন রবার্ট। টাইমস অব ইন্ডিয়ায় এ-সংক্রান্ত প্রতিবেদন ছাপানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ভোটের রাজনীতিতে আসার ব্যাপারে রবার্টের আগ্রহের বিষয়টি এবারই প্রথম নয়। ২০১০ সালের অক্টোবরে টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছিলেন, ‘আমি অবশ্যই যেকোনো আসন থেকে নির্বাচন করে জয়ী হতে পারি। কিন্তু আমি ব্যবসায়ী...সবকিছুর জন্যই একটা সময় ও পরিবেশ লাগে। আমি যদি মনে করি আমি রাজনীতি বুঝি...তাহলে কেন রাজনীতিতে আসব না?’এবারের নির্বাচন অন্য যেকোনো নির্বাচনের মতোই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন রবার্ট ভদ্র। তিনি বলেন, সব নির্বাচনই গুরুত্বপূর্ণ। তবে এটা রাহুল গান্ধীর জন্য জীবন-মরণ সমস্যা নয়। স্ত্রী প্রিয়াঙ্কার রাজনৈতিক ক্যারিয়ার গঠনের ব্যাপারে মন্তব্য করতে চাননি রবার্ট। তিনি বলেন, ‘এটা পুরোটাই প্রিয়াঙ্কার ব্যাপার। এ ব্যাপারে তিনি নিজেই সিদ্ধান্ত নেবেন।’ জানতে চাইলে বিজেপি নেতা শাহনেওয়াজ হুসেইন বলেন, ‘এটি গান্ধী পরিবারের অভ্যন্তরীণ ব্যাপার। বিজেপি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চায় না। প্রিয়াঙ্কার চেয়ে রাহুল বয়সে তেমন বড় নয়। তাঁদের দুজনের বয়সের ব্যবধান খুব বেশি না এবং তাঁরা সমসাময়িক। তাই প্রিয়াঙ্কা রাহুলের পরে রাজনীতিতে যোগ দিতে পারে না।’স্ত্রীকে সহযোগিতা করতে গত রোববার রাতে মেয়েকে নিয়ে আমেথিতে গিয়েছেন রবার্ট। গতকাল গৌরীগঞ্জ থেকে বের হওয়া মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি বলেন, জনগণের কাছে রাহুলের বার্তা পৌঁছে দিতে তিনি এখানে এসেছেন; যদিও রাহুল ও প্রিয়াঙ্কার এমন সহযোগিতার প্রয়োজন নেই।আমেথির নারীদের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করে রবার্ট বলেন, তিনি চান তাঁর মেয়ে তৃণমূল পর্যায়ের এই পরিবর্তন দেখুক। এক ফাঁকে সাংবাদিকেরা তাঁর কাছে জানতে চান, রাহুলের প্রধানমন্ত্রী হওয়ার সময় হয়েছে কি না। জবাবে বিষয়টি নিয়ে তিনি কোনো কথা বলতে রাজি হননি।