রাজনীতিতে ডিজিএফআইয়ের হস্তক্ষেপ বন্ধের সুপারিশ করবে সংসদীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ২০০৭ সালের আগস্ট মাসে শিক্ষক-শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় গঠিত তদন্ত কমিটি রাজনৈতিক কর্মকাণ্ডে ডিজিএফআইয়ের হস্তক্ষেপ বন্ধের সুপারিশ করবে। একই সঙ্গে ওই ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনা, নির্যাতিতদের ক্ষতিপূরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানের সুপারিশ করবে কমিটি।আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে আগস্টের আন্দোলন নিয়ে ছাত্রমৈত্রী আয়োজিত এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।সংসদীয় এ তদন্ত কমিটির প্রধান রাশেদ খান মেনন আরও বলেন, এ ঘটনায় সংসদীয় তদন্ত কমিটি গঠন এবং কমিটিতে সামরিক কর্মকর্তাদের হাজির করানোর ঘটনা এটাই প্রথম। তিনি বলেন, ‘আমরা যে সুপারিশ করব সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। যদিও এগুলো বাস্তবায়নের দায়িত্ব আমাদের নয়। আমরা শুধু সুপারিশ করব, বাস্তবায়নের দায়িত্ব সরকারের।’মেনন বলেন, এ পর্যন্ত তদন্তে যা বের হয়ে এসেছে, তাহলো সে সময় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছিল। তারা চেয়েছিল ওই বিক্ষোভকে আঁঁতুড় ঘরেই শেষ করে দিয়ে স্বৈরতান্ত্রিক ব্যবস্থাকে স্থায়ী করতে। জেনারেল মইনের ভিডিও কনফারেন্সের প্রস্তাবের বিষয়ে তিনি বলেন, ‘ভিডিও কনফারেন্সের বিষয়ে আমরা প্রস্তাব দিয়েছিলাম। তিনি সম্ভবত ক্যানসারে আক্রান্ত। এ ব্যাপারে ২৩ আগস্ট কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির তৎকালীন সভাপতি ও আগস্টে নির্যাতিত শিক্ষক অধ্যাপক সদরুল আমিন অভিযোগ করেন, তাঁকে সংসদীয় কমিটি ডাকেনি। এখন সবকিছুই একটি দলের নিয়ন্ত্রণে। এটি কোন ধরনের গণতন্ত্র?শিক্ষক সমিতির তৎকালীন সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি নির্যাতিত শিক্ষক আনোয়ার হোসেন বলেন, ‘আমরা সেই সময় ক্ষমা প্রার্থনা করিনি।’অনুষ্ঠানে আগস্টে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্যাতিত শিক্ষক মলয় কুমার ভৌমিক, ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক নির্যাতিত সভাপতি মানবেন্দ্র দেব এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা বক্তব্য দেন।আলোচনায় সভাপতিত্ব করেন ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পা দীপ্ত বসু। সংগঠনের সাধারণ সম্পাদক তানভির রুসমত মূল প্রবন্ধ উপস্থাপন করেন।উল্লেখ্য, ২০০৭ সালের ২০ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সেনা সদস্যেদের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কথাকাটাকাটির জের ধরে দেশজুড়ে ছাত্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ দমনে তৎকালীন সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার জেলা ও বিভাগীয় শহরগুলোতে কারফিউ জারি করে। আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনের শিকার হন শিক্ষক ও শিক্ষার্থীরা।