রাজনীতিতে ঢোকার চার পথ বাতলালেন রাহুল
গান্ধী পরিবারে জন্ম নেওয়ায় ভারতের রাজনীতিতে আমার প্রবেশের পথ প্রশস্ত হয়েছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী গত সোমবার স্বীকার করলেন এ কথা। কীভাবে ভারতের রাজনৈতিক নেতা হওয়া যায়, সে সম্পর্কে জব্বলপুরে ছাত্রছাত্রীদের সামনে বক্তব্য রাখছিলেন রাহুল। রাহুল বলেন, ভারতের রাজনীতিতে ঢুকতে চাইলে একজনের সামনে চারটি পথ খোলা রয়েছে। সবচেয়ে প্রথমে যা দরকার, তা হলো টাকা ও ক্ষমতা। এ দুটি থাকলে যেকোনো সময়, যে কেউ ভারতে রাজনীতি করতে পারে। দ্বিতীয়ত, যদি পরিবারের কেউ রাজনীতি করেন, তাহলে খুব সহজেই একজন ভারতের রাজনৈতিক জগতে পা রাখতে পারেন। যেমনটা তাঁর ক্ষেত্রে ঘটেছে। রাহুল এরপর ছাত্রছাত্রীদের তৃতীয় পথটি দেখিয়ে দিলেন। সেটি হলো রাজনীতির জগতে চেনা কোনো পথ প্রদর্শককে বেছে নেওয়া। এ রকম পরিচিত কেউ থাকলে রাজনীতিতে ঢোকা খুবই সহজ। আর সবচেয়ে শেষের পথটি হলো, সাধারণ মানুষের উন্নয়নের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়া। রাহুলের মতে, ভারতের রাজনীতিতে ঢোকার জন্য এ পথটিই সবচেয়ে কঠিন। দেশের খুব কম মানুষই রাজনৈতিক নেতা হওয়ার জন্য এ পথ বেছে নিয়েছেন।দলের অভ্যন্তরীণ গণতন্ত্রের ব্যাপারে রাহুল বলেন, ‘আমাদের দেশে কোনো দলেই সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা নেই।’ ছোট রাজ্যগুলোকে কেন গুরুত্ব দেওয়া হচ্ছে—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সাধারণ জনগণ ছোট রাজ্য চায়। কারণ তারা ভাবে, এতে অর্থ ও সম্পদের সুষম বণ্টন হবে এবং উন্নয়নের সুবিধা ভোগ করতে পারবে।